২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীন জোটে যোগ দিতে এরশাদকে চাপ, দলে দ্বিধাবিভক্তি, এরশাদের লক্ষ্য কালক্ষেপণ

ক্ষমতাসীন চারদলীয় জোটে যোগ দিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ওপর সরকারি চাপ বাড়ছে। তবে জাপা জোটে যোগ না দিয়ে কালক্ষেপণের কৌশল নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এদিকে সরকার এবং রওশন এরশাদের নেতৃত্বে দলের সরকার ঘেঁষা একটি অংশ ২১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে এরশাদকে মঞ্চে তুলতে চায়। এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর বিপক্ষে। এ নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদেরের নেতৃত্বে দলের ভেতরে স্পষ্ট দু’টি ধারা সৃষ্টি হয়েছে।

জিএম কাদের বিভিন্ন সংবাদপত্রে বক্তব্য ও বিবৃতি দেওয়ায় তাকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে দল থেকে বহিষ্কারের প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে দল থেকে বহিষ্কারের প্রস্তুতির কথা অস্বীকার করে জিএম কাদের বিডিনিউজকে জানান, আমার বক্তব্যকে দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে উল্লেখ করে কারণ দর্শাতে বলা হয়েছে। ১৩ ডিসেম্বর নোটিশ পেয়ে আমি দলকে লিখিতভাবে জবাব দিয়েছি। এতে আমি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বক্তব্য দলীয় চেয়ারম্যানকে জানিয়েছি।

দলীয় সূত্র জানায়, ১৩ ডিসেম্বর জাপা প্রধানমন্ত্রীর সংলাপে যোগ দিলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সাথে একান্তে প্রায় ১০ মিনিট আলোচনা করেন। রওশন এরশাদের উপস্থিতিতে ওই আলোচনায় প্রধানমন্ত্রী এরশাদকে ২১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে গিয়ে চারদলীয় জোটে যোগদানের ঘোষণা দিতে অনুরোধ করেন। এরশাদ জোটে যোগ দেওয়ার ব্যাপারে মার্চ পর্যন্ত সময় নেন।

সূত্র জানায়, বিভিন্ন মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে রওশন গ্র“প চাপের মুখে এরশাদকে সংলাপে যোগ দিতে বাধ্য করে। সংলাপে জাপার বক্তব্য থেকে জামায়াতকে জোট থেকে বষ্কিারের প্রস্তাবও এক পর্যায়ে বাদ দিতে হয়। এ অবস্থায় কাদের গ্র“প ক্ষুব্ধ হয়ে ওঠে। এ গ্র“পও বিরোধী জোটের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে সূত্র দাবি করেছে।

সূত্র জানায়, এ সময়ের মধ্যে এরশাদ ও জাপা নেতৃত্ব দেশের রাজনৈতিক অবস্থা ও এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে সরকারের আন্তরিকতা পর্যবেক্ষণ করবেন। একই সাথে বিরোধী জোটের সাথেও তাদের দর কষাকষি চালিয়ে যাবেন। এর অগ্রগতির ওপর নির্ভর করবে মার্চের মধ্যেই কোনো জোটে জাপা যোগ দেবে কিনা।

একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানান, বিরাজমান প্রেক্ষাপটে দেশের মানুষের সমর্থন বিরোধী দলের দিকে ঝুঁকে পড়েছে। এ অবস্থায় জঙ্গি তৎপরতা রোধসহ বিভিন্ন ইস্যুতে সরকার অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এ থেকে বেরিয়ে আসতে সরকার জামায়াতকে জোট থেকে বের না করে জাপাকে জোটে নিয়ে শক্তি বৃদ্ধির কৌশল নিয়েছে। এতে সরকার লাভবান হলে জাপার জন্যে আত্মহত্যার সমান হবে। ওই বিবেচনায় জাপার ক্ষমতাসীন জোটের পরিবর্তে বিরোধী জোটে যাওয়ার সম্ভাবনাই বেশি।

জিএম কাদের বলেন, জাপা কোন জোটে যাবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। দলের চেয়ারম্যান আগামী মার্চে এ ব্যাপারে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। তার আগে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

সংলাপে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাপা চেয়ারম্যানই  প্রথম সংলাপের প্রস্তাব দিয়েছিলেন। তাই প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব দিলে তিনি এতে যোগ দেন। তবে জাপা মনে করে, আওয়ামী লীগের যোগদান ছাড়া সংলাপ হবে অর্থহীন।