২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিসি-ডব্লিউটিও

উন্নত দেশের বাজারে নিজেদের সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের দাবি থেকে স্বল্পোন্নত দেশগুলো সরে আসার পর এ সংক্রান্ত মৌলিক খসড়াটি হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চলতি সম্মেলনে অনুমোদিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এ খসড়ার একটি ভাষ্য সম্মেলনের সভাপতি জন সাং-য়ের কাছে উত্থাপন করা হয় গত বৃহস্পতিবার। খসড়া প্রস্তাবে স্বল্পোন্নত দেশে উৎপাদিত সব ধরণের পণ্যের জন্য উন্নত বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়ার বিষয়টি উহ্য রাখা হয়। আফ্রিকান দেশ জাম্বিয়ার নেতৃত্বে স্বল্পোন্নত দেশসমূহের গ্র“পটি এক পর্যায়ে নিজেদের দাবি থেকে পশ্চাদপসরণ করে।

এর ফলে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানীতে সমস্যার মুখে পড়তে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যান মনে করেন তার দেশের পোশাক বাজারে হয়তো বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না।

এর আগে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে স্বল্পোন্নত দেশের সকল পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিপক্ষে যেকোনো প্রস্তাবের বিরোধিতা করার কথা পুনর্ব্যক্ত করেন।

প্রস্তাবে স্বল্পোন্নত দেশে উৎপাদিত শতকরা অন্ততঃ ৯৯ দশমিক ৯ ভাগ পণ্যের জন্য শিল্পোন্নত দেশের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশ সুবিধা চাওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে যে এ সুবিধা ২০০৭ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ২০১০ সালের মধ্যে উন্নত বিশ্বের সদস্য রাষ্ট্রসমূহ পূর্ণমাত্রায় কমপ্লায়েন্স সুবিধা অর্জন করবে।