বাঁশখালিতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘাত নিহত ১, আহত ২
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের বাঁশখালি উপজেলার চামবল গ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
নিহতের নাম ফজল করিম (২২)। তিনি পশ্চিম চামবল এলাকার আবুল বাশারের পুত্র। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শুক্রবার জানায়, বৃহস্পতিবার রাত আটটায় ফজল করিম এবং বাদশা মিয়া ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে। ম্যাচে পয়েন্ট নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সূত্রপাত হয়। বাদশা মিয়া হঠ্যাৎ করে ফজল করিমের উপর চড়াও হয় এবং তার যৌনাঙ্গে সজোরে চাপ দেয়। এতে ফজল অজ্ঞান হয়ে পড়লে তাকে বাঁশখালি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করে।
খলিল আহমেদ এবং আহমেদ ছফা উত্তেজিত বাদশা মিয়াকে শান্ত করতে আসলে তারাও সংঘর্ষে আহত হয়।
নিহতের পিতা বাঁশখালি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন।
