২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত, ২য় লিড

জঙ্গি মোকাবিলার দৃঢ় প্রত্যয় নিয়ে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবান্বিত দিন মহান বিজয় দিবস সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দীর্ঘ নয় মাস বাঙালির মরণপণ যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। ৩০ লাখ শহীদের প্রাণ ও দুলাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে এই দিনে অর্জিত হয়েছিলো মুক্তিযুদ্ধে বিজয়ের ক্ষণটি। অভ্যুদয় হয়েছিলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। প্রতি বছর ১৬ ডিসেম্বর দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালি সর্বোচ্চ শ্রদ্ধায় দিনটি উদযাপন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বছর ঘুরে আবার ফিরে এসেছে সেই গৌরবান্বিত দিন। সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে এবারের বিজয় দিবস। ইসলামের নামে মৌলবাদী জঙ্গিদের নৃশংস থাবায় দেশ আজ স্তম্ভিত। তথাকথিত জেহাদের নামে বোমা মেরে নিরীহ মানুষ হত্যার বীভৎসতার মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুজ্জ্বল রাখার অঙ্গীকার নিয়ে এবারের বিজয় দিবস পালিত হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে পূর্বঘোষিত অনুষ্ঠানমালা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।

তারপরও ঢাকা ও ঢাকার বাইরে দিনটি উদযাপনে থাকছে বিভিন্ন কর্মসূচি। সরকার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে এ সকল কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে -- অফিস -- আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি, আধা -সরকারি বা ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি ইত্যাদি।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

বিজয় দিবস উপলক্ষে ক্ষমতাসীন বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে  নেয়। এরমধ্যে রয়েছে-- জাতীয় স্মৃতিসৌধে পুষ্প¯তবক অর্পণ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একাধিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আওয়ামী লীগ অন্যান্যবারের মত মাসব্যাপী কর্মসূচির বদলে এবার নিরাপত্তার কারণে মাত্র দুদিনের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে, সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পার্ঘ্য অর্পণ। আওয়ামী লীগের উদ্যেগে বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন মাঠে গণসঙ্গীতের আয়োজন করা হয়। দলটি ১৭ ডিসেম্বরেও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বুদ্ধিজীবীদের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন।

সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিশু -- কিশোরদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। সেখানে বর্নাঢ্য শোভাযাত্রা, আদিবাসী নৃত্যসহ নানা আয়োজন পালিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিজয় দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পত্র -- পত্রিকা প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান।

এদিকে মহান বিজয় দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে চট্টগ্রামে সিটি মেয়রকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে প্রশাসনের বাধাদান, দেশের বিভিন্ন স্থানে  মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন, নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত অনুষ্ঠান বাতিল সহ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বিডিনিউজের চট্টগ্রাম অফিস জানায়, বিজয় দিবসের প্রথম প্রহরে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে গেলে প্রশাসন কর্তৃক বাধার সম্মুখীন হন। প্রাপ্য প্রটোকল অনুযায়ী মন্ত্রীর পর তার শ্রদ্ধাঞ্জলী নিবেদনের নিয়ম থাকলেও প্রশাসন সিটি মেয়রের পথ ১০ মিনিট অবরোধ করে রাখে।

বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদীতে বিজয় দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হয়।

বিডিনিউজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে জাকের পার্টি নেতা-কর্মীদের হাতাহাতি ও মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়।

বিডিনিউজের ঝালকাঠি প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধারা স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অব্যাবস্থাপনার অভিযোগ এনে অনুষ্ঠান বর্জনা দেন।

বিডিনিউজের প্রতিনিধি জানান, কুড়িগ্রামে নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল করা হয় বলে কুড়িগ্রাম প্রতিনিধি জানান।    

এছাড়া দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে বিজয় দিবসের নানা কর্মসূচি পালন করা হচ্ছে বলে বিডিনিউজের জেলা প্রতিনিধিরা জানান।