পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে তিন বছর বয়েসী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তারা হলো-- তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউপি সদস্য ও চুরচুরিয়াগাছ গ্রামের মো. রুবেলের শিশু কন্যা মাইশা এবং রুবেলের ছোট ভাই আবু তাহেরের শিশু পুত্র মাহিন।
এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও তেঁতুলিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, মাইশা ও মাহিন বুধবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে সকলের অজান্তে তারা বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে যায় এবং পানিতে পড়ে মারা যায়।
এরপর দুপুরে একজনের লাশ ভেসে উঠলে গ্রামবাসী দেখতে পায়। দু’জনকেই গ্রামবাসী পুকুর থেকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
