চট্টগ্রাম বিমানবন্দরে আগুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভবনের পাশের খোলা মাঠে বৃহস্পতিবার সকালে আগুন লাগলে দর্শনার্থী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানবন্দর ও দমকল বাহিনী সূত্র জানায়, ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের শেষাংশ থেকে ৪৫ মিনিট স্থায়ী এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
বেলা ১১টায় সূত্রপাত হওয়া এ আগ্নিকাণ্ডে শুকনো ঘাস পোড়া ছাড়া কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
দমকল বাহিনীর দু’টি গাড়ি বেলা ১২টা ২০ মিনিটে বিমানবন্দরের বাইরের খোলা মাঠের শুকনো ঘাসে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিমানবন্দরের ম্যানেজার স্কোয়াড্রন লিডার ফরহাদ শাহীন জানান।
