২০০১ সালের নির্বাচনে পরাজিতরা দেশে বোমাবাজি করছে : ইমাম পরিষদ
যশোর টাউন হল মাঠে বুধবার জেলা ইমাম পরিষদ আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির মদদে ২০০১ সালের জাতীয় নির্বাচনে পরাজিতরা দেশে বোমাবাজি করছে।
জেলা ইমাম পরিষদের সভাপতি আবদুল মান্নান এবং প্রধান অতিথি নওয়াপারার পীর খাজা সাইদ শাহ্ সভায় বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য মুফতি ওয়াক্কাস, সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম, মুহাদ্দিস আবু সাইদ এমপি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, একটি মহল বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র প্রমান করার জন্য পরিকল্পিতভাবে বোমাবাজি করছে। ঐ অপশক্তি জাতীয়তাবাদী শক্তি থেকে ইাসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে পৃথক করার জন্য এ অপচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার নামে বোমাবাজি করানো হচ্ছে গুঁটিকতক দাড়ি-টুপিওয়ালাদের দিয়ে। ইসলামে বোমাবাজির কোন স্থান নেই। কওমি মাদ্রাসাকে দায়ী করার ষড়যন্ত্র করা হচ্ছে। নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, বোমাবাজি হারাম, যারা করছে তাদের ঠিকানা জাহান্নাম।
