যেভাবে গ্রেফতার হলো জেএমবি সামরিক প্রধান সানি
মঙ্গলবার, বেলা ১টা। ঢাকা তেজগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের আব্দুল লতিফ ছাত্রাবাসসহ পুরো এলাকা ঘিরে ফেলে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার সহস্রাধিক সদস্য।
আপাত: দৃশ্যে শিক্ষাঙ্গণে নিয়মিত তল্লাসী মনে হলেও এটি ছিলো জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের আপন ছোটভাই ও জেএমবি সামরিক প্রধান গ্রেফতার অভিযান।
গোয়েন্দা সূত্রে খবর ছিলো, ওই ছাত্রাবাসেই জেএমবির সামরিক প্রধান আতাউর রহমান সানির আসার কথা। এরই ভিত্তিতে সেখানে চলে অভিযান।
অভিযান শেষে র্যাব ওয়্যারলেস ম্যাসেজ দেয়, ‘পাখি এখন খাঁচাবন্দী।’
জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমানের ছোটভাই সানিকে নিয়ে আসা হয় র্যাবের সদর দফতরে। সেখানে আগে থেকে সানির দাড়িওয়ালা ও দাড়ি কামানো একাধিক মুখায়বের কম্পিউটার চিত্র নিয়ে অপেক্ষা করছিলেন শীর্ষ স্থানীয় র্যাব কর্মকর্তারা। এসব চিত্র দেখে কর্মকর্তারা গ্রেফতারকৃতর পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।
র্যাবের জনসংযোগ বিভাগের পরিচালক কমান্ডার হাসান মাসুক জানান, সানিকে গ্রেফতারের পর তার কাছে পাওয়া যায় বিভিন্ন মোবাইল কোম্পানীর আটটি সিম এবং ৪৪ হাজার ৯৮২ টাকা।
তিনি জানান, জেএমবির অপারেশন নেটওয়ার্ক চালাতেই সানি একেক সময় একেক সিম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে আতœঘাতি বোমা হামলাকারীদের বিভিন্ন নির্দেশনা দিতো। সে জেএমবির আট সদস্যের সুরা কাউন্সিলের অন্যতম প্রধান।
গ্রেফতারকৃত সানির স্বীকারোক্তি অনুযায়ী, র্যাব ও পুলিশ বুধবার ভোরে রাজধানীর উত্তর মাণ্ডা, কমলাপুর, মানিক নগরের ছাতা মসজিদ ও টঙ্গীতে চালায় তাৎক্ষণিক বিশেষ অভিযান।
এসব অভিযানে মাণ্ডা, টঙ্গী ও সাভার রেডিও কলোনী এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্র - শস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক।
র্যাব জানায়, মাণ্ডার ভাড়া করা বাসায় সানিসহ জেএমবির একাধিক ক্যাডার যাতায়াত করলেও এতদিন তারা গা ঢাকা দিয়েছিলো।
মঙ্গলবার র্যাবের অভিযানে ধরা পড়ে জেএমবির আরেক ক্যাডার ফরিদুজ্জামান স্বপন। র্যাব কর্মকর্তারা জানান, ধানমণ্ডির কলাবাগানের এক বাসায় থেকে সে জেএমবির টাকা পয়সা লেনদেন করতো বলে তাদের কাছে তথ্য রয়েছে।
এই অভিযানে সানিকে গ্রেফতার ও উদ্ধার করা বিপুল পরিমান অস্ত্র - শস্ত্র একটি বড় ধরণের সাফল্য বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
