হজ্ব ফ্লাইটের জন্য বিমান আরেকটি বোয়িং--৭৪৭ ভাড়া করেছে
হজ্ব ফ্লাইটের জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরেকটি বোয়িং--৭৪৭ ভাড়া করেছে। থাই ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাছ থেকে এ উড়োজাহাজটি ভাড়া করা হয়েছে।
বিমান সূত্র জানায়, এটি আগামী ২৪ ডিসেম্বর দেশে এসে পৌঁছাবে। ওইদিন রাতেই ৪৫৮ জন হজ্বযাত্রী নিয়ে উড়োজাহাজটি জেদ্দা রওনা হওয়ার কথা।
চলতি হজ্ব ফ্লাইটের জন্যে বিমানের ভাড়া করা এটি তৃতীয় উড়োজাহাজ।
এদিকে হজ্ব অপারেশনের চতুর্থ দিনে এয়ার লাক্সারের কাছ থেকে বিমানের ভাড়া করা এয়ারবাস উড়োজাহাজটি বুধবার দুপুরে ৩৬৯ জন যাত্রী নিয়ে জেদ্দা রওনা হয়েছে। কর্স এয়ারের কাছ থেকে বিমানের ভাড়া নেওয়া অপর বোয়িং--৭৪৭ উড়োজাহাজটি বুধবার রাত ১০টায় ৫৭৬ জন হজ্ব যাত্রী নিয়ে জেদ্দা রওনা হওয়ার কথা রয়েছে।
জেদ্দায় অবতরণের জন্যে এ দু’টি উড়োজাহাজের সৌদি সরকারের অনুমতিপত্র পাওয়ায় সমস্ত জটিলতার অবসান হয়েছে।
বিমান সূত্র জানায়, চতুর্থ দিনে বিমান মোট ৫ হাজার ১৪৯ জন যাত্রী পরিবহন করছে।
এ বছর মোট ব্যালটি হাজ্বীর সংখ্যা ২ হাজার ৬২১ জন। ব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন--ব্যালটি হাজ্বীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার।
বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরো ১০ থেকে ১২ হাজার হজ্ব যাত্রী পরিবহন করবে।
বিমান এ বছর ৮৬টি হজ্ব ফ্লাইট পরিচালনা করবে। হজ্ব ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ্ব ফ্লাইটও হবে ৮৬টি। ১৩ থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে ফিরতি হজ্ব ফ্লাইট।
