গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১ম লিড
অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করল একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের।
বুধবার সকাল থেকে হাজার হাজার মানুষ মীরপুর ও রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করে। তবে, দেশব্যাপী বোমা হামলা ও জঙ্গি আক্রমণের আতঙ্কের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কম ছিল।
যারা আজ থেকে ৩৪ বছর আগে ন্যক্কারজনক এ হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদেরই কেউ কেউ আজ ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় ক্ষোভ প্রকাশ করে অনেকেই। দিবসটি উপলক্ষে স্বাধীনতার স্বপক্ষের বেশকিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ ব্যাপারে বিক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে।
বাঙালি জাতিকে বুদ্ধিবৃত্তিকভাবে চিরতরে পঙ্গু করে দিতেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় নারকীয় এ হত্যাকাণ্ড চালিয়েছিল।
আসন্ন পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরেই হত্যাকারীরা সুপরিকল্পিতভাবে দেশের প্রখ্যাত অধ্যাপক, শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীদের চোখ বেঁধে বাসভবন থেকে ধরে নিয়ে যায়। তাদের নির্মমভাবে হত্যা করে রায়েরবাজার, মীরপুরসহ বিভিন্ন স্থানে বধ্যভূমিতে স্তূপ করে লাশ ফেলে রাখে।
বাঙালি জাতির সেইসব কীর্তিমানদের কথা স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সেমিনার, আলোচনাসভা, মৌনমিছিলসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার শহীদদের পরিবার ও আত্মীয়-স্বজন এবং শিক্ষক, ছাত্র, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রায়েরবাজার ও মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হয়। তারা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে।
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সুধাসদনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন।
শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচারের দাবিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি মামলা হলেও আজ পর্যন্ত এ মামলার অগ্রগতির কোনও খবর পাওয়া যায়নি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, ১১ দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির বিভিন্ন গ্র“প, বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, বাংলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লে. জে. জগজিৎ সিং অরোরা ফাউন্ডেশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।
