জেএমবি সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি গ্রেফতার, ৫ম লিড
নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ এর সামরিক শাখার কমান্ডার এবং জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানিকে বুধবার গ্রেফতার করা হয়েছে। র্যাব এর উর্ধ্বতন সূত্রগুলো বিডিনিউজকে এ খবর নিশ্চিত করে।
র্যাব এর উর্ধ্বতন এক সূত্র জানায়, সানিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার গ্রেফতার করা হয়। এই অভিযানে প্রায় র্যাব ও পুলিশের প্রায় ১০০০ সদস্য অংশগ্রহণ করে। পরে সানিকে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়।
“সানির দেওয়া তথ্যমতে উত্তর মান্ডার একটি বাসা থেকে বিপুল সংখ্যক গ্রেনেড, দেশী তৈরী পিস্তল ও বিস্ফোরকসহ সানির অপর দুই সহযোগিকে গ্রেফতার করা হয়,” সূত্র জানায়।
অভিযানকালে র্যাব সানির উত্তর মান্ডার আস্তানা থেকে ২৭ টি গ্রেনেড, ২৪টি দেশী পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং জেহাদী অনুপ্রেরণামুলক প্রচুর বই উদ্ধার করে বলে র্যাব সূত্র জানায়।
একটি সূত্র জানায়, উদ্ধার করা বিস্ফোরক দিয়ে রাষ্ট্রের বেশ ক’টি গুরুত্বপূর্ণ স্থাপনা একসাথে উড়িয়ে দেওয়া সম্ভব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আবদুল আজিজ সরকার গ্রেফতারের খবর স্বীকার বা অস্বীকার কোনটাই করেন নি।
“আমরা একজনকে ধরেছি। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি,” আজিজ সরকার টেলিফোনে বিডিনিউজকে এ কথা বলেন। তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সূত্র জানায়, সানিকে র্যাব এর একটি দল পুরনো ঢাকার একটি এলাকা থেকে ভোর বেলা গ্রেফতার করে।
জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমানের ছোট ভাই সানিকে কড়া প্রহরায় র্যাব এর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অন্যতম আসামি সানি। ধারণা করা হয় সে দেশের বিভিন্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী।
এদিকে গত কয়েক সপ্তাহ ধরে জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান গ্রেফতার হয়েছে এমন গুজব নগরীতে ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের “জাতির জন্য সুসংবাদ রয়েছে” এমন উক্তি এবং তার পরপরই আইন শৃংখলা রক্ষাকারীদের প্রতি গণমাধ্যমের নিকট তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপের কারণে এ গুজব শক্তিশালী হয়।
যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে সরকার শায়েখ আবদুর রহমানকে গ্রেফতার করে তা গোপন করছে এবং বোমা হামলার সাথে বিরোধী দলকে জড়ানোর জন্য তাকে (শায়েখ রহমান) দিয়ে জবানবন্দি আদায়ের চেষ্টা করছে।
উল্লেখ্য, শায়েখ রহমান মির্জা আজমের ভগ্নিপতি।
সংবাদ সম্মেলনে মির্জা আজম আরও জানান, ১৯৯৬ সাল থেকে তিনি (আজম) বা তার পরিবারের সঙ্গে শায়েখ আবদুর রহমান বা তার পরিবারের কোনও সম্পর্ক নেই।
তিনি (আজম) শায়েখ আবদুর রহমানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
