২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সমুদ্র সৈকতে জেটি নির্মানে হাইকোর্টের স্থগিতাদেশ

ব্যবসায়িক উদ্দেশ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে জেটির নির্মান কাজ স্থগিত রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মঙ্গলবার এ স্থগিতাদেশ জারি করেন। বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ কেন এ নির্মাণ কাজ অবৈধ ঘোষণা করা হবে না, সে ব্যাপারে সরকারকে কারণ দর্শাতে বলেছেন।

হাইকোর্টের ওই আদেশে বন ও পরিবেশ মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন, জাহাজ চলাচল ইত্যাদি মন্ত্রণালয়ের সচিবগণ, পর্যটন

করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক এবং এসপি'কে এ ব্যাপারে দায়ী করা হয়েছে।

আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট ওজায়ের ফারুক আদালতকে জানান, এ বছরের ১৩ নভেম্বর কক্সবাজার জেলা ব্যবস্থাপনা কমিটি সমুদ্র সৈকতে ব্যবসায়িক উদ্দেশ্যে জেটি নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং জেলা প্রশাসকের কার্যালয় এ সিদ্ধান্ত অনুমোদন করে।

তিনি বলেন, পরে কর্তৃপক্ষ সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে জেটি নির্মাণের কাজ শুরু করে এবং এর মাধ্যমে পরিবেশ দূষণ ঘটায়। স্থানীয় লোকজন এবং বেশ কটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন জেটি নির্মাণের বিরোধিতা করে মিছিল ও সমাবেশ করে।

কর্তৃপক্ষ তাদের এ প্রতিবাদে কান না দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখে বলে তিনি উল্লেখ করেন।

আবেদনকারীরা জানান, সরকারি ও বেসরকারি পর্যায়ে অপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে স্থাপনা নির্মাণের ফলে দেশের ভৌগোলিক ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।

আবেদনে আরও বলা হয়েছে, ঠিক একই সাথে এসব স্থাপনা নির্মাণের কারণে দেশের বিভিন্ন স্থানের পরিবেশ দূষিত ও ধ্বংস হচ্ছে। এ জেটির কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য মারাত্মক হুমকির মুখে।

রিট আবেদনে সমুদ্র সৈকতে জেটির নির্মাণ কাজ স্থগিতের আদেশ জারির অনুরোধ জানানো হয়।