২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ টিটুর আত্মদানের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর মুক্ত হয় সাভার

শহীদ টিটুর রক্তে রঞ্জিত হয়ে ১৪ ডিসেম্বর মুক্ত হয় ঢাকার পাশ্ববর্তী জেলা শহর সাভার।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

১৯৭১ সালে সমগ্র বাংলাদেশে পাক হানাদার বাহিনীর নারকীয় গণহত্যা, ধর্ষণ শুরু হলে মানিকগঞ্জের উত্তর সেওতা গ্রামের কিশোর গোলাম মো. দস্তগীর টিটু (১৬) বাড়ি থেকে বেড়িয়ে পড়ে প্রতিরোধ আর প্রতিশোধের নেশায়। সীমান্ত পেরিয়ে গেরিলা যুদ্ধে অংশ নেয় সে।

১৪ ডিসেম্বর সকালে  হানাদার বাহিনীর একটি দল সাভারের জিরাব গ্রামে এসে পৌঁছলে তাদের পথরোধ করে দাঁড়ায় শহীদ টিটুর গেরিলা দল। শুরু হয় দীর্ঘ ও প্রচণ্ড সম্মুখ যুদ্ধ। মুক্ত হওয়ার আগে এটি ছিলো সাভারের মাটিতে শেষ যুদ্ধ। মূলদল থেকে বিচ্ছিন্ন এ দলটির অধিকাংশ সদস্যই এ যুদ্ধে প্রাণ হারায়। সকাল থেকে দুপুর পর্যন্ত গুলির শব্দে প্রকম্পিত হতে থাকে সাভার। এক সময় চার/পাঁচ জন পাক সেনাকে হত্যার পর আনন্দে উচ্ছ্বসিত কিশোর টিটু সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে হঠাৎ একটি বুলেট এসে থামিয়ে দেয় কিশোর প্রাণের স্পন্দন।

এভাবেই টিটুর রক্তে ভিজে সাভার হানাদার মুক্ত হয়।