হজ্ব ফ্লাইটের জন্যে বিমানের ভাড়া করা এয়ারবাস দেশে এসেছে একদিন পর, উড়বে কবে?
হজ্ব ফ্লাইটের জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা এয়ারবাস এ--৩৩০--৩০০ উড়োজাহাজটি নির্ধারিত সময়ের একদিন পর মঙ্গলবার বেলা ২টায় দেশে এসে পৌঁছেছে।
তবে পর্তুগালের এয়ার লাক্সারের ৩৮৭ আসনের এই এয়ারবাসটি বৈধ কাগজপত্রসহ বিমানের চলতি হজ্ব ফ্লাইটে কবে নাগাদ যোগ দিচ্ছে বিমানের কর্মকর্তারা তা নির্দিষ্ট করে বলতে পারছেন না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রোববার রাতে হজ্ব ফ্লাইট না পেয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন হাজ্বীর মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমানের কর্মকর্তাদের কোনও ত্র“টি ছিলো কি--না, এ কমিটি তা খতিয়ে দেখবে।
তিনি জানান, কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিহত হজ্বযাত্রী সুজাত আলীর পরিবার--পরিজনকে বিমানের পক্ষ থেকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, বোর্ডিং পাস ইস্যু করা হলে তার পরিবার ক্ষতিপূরণ পেতো। তবে বিমানের খরচেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
বিমান সূত্র জানায়, গত তিনদিনে বিমানের হজ্ব ফ্লাইট ও জেদ্দাগামী নিয়মিত ফ্লাইটে ব্যলটি ও নন--ব্যলটি মিলিয়ে ২ হাজার ৬শ’ ৯ জন হজ্ব যাত্রীকে জেদ্দা পৌঁছে দেওয়া হয়েছে। সৌদিয়ার নিয়মিত ফ্লাইটে জেদ্দা গেছেন আরো ১৯৪ জন নন--ব্যলটি হাজ্বী।
মঙ্গলবার বিমানের দু’টি ডিসি--১০ এবং ভাড়া করা বোয়িং--৭৪৭ উড়োজাহাজ দিয়ে মোট তিন হাজার ৯২৩ জন হজ্বযাত্রী পরিবহন করার কথা।
বিমান এ বছর ৮৬টি ফ্লাইট পরিচালনা করবে। এ বছর মোট ব্যালটি হাজ্বীর সংখ্যা ২হাজার ৬শ’২১ জন। হজ্ব ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ্ব ফ্লাইটও ৮৬টি। ১৩ থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে ফিরতি হজ্ব ফ্লাইট।
এ বছর ব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন--ব্যালটি হাজ্বীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার। বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরো ১০ থেকে ১২ হাজার হজ্ব যাত্রী পরিবহন করবে।
