২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক শাসন কারও কাম্য নয়: হিলারি বেন

সফররত আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী হিলারি বেন সোমবার বলেছেন, গণতান্ত্রিক দেশে কোনও তৃতীয় শক্তি বা সামরিক শাসন কারও কাম্য নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীরর বাসভবনে এক সংবাদ সম্মেলনে সোমবার সাংবাদিকদের প্রশ্নোত্তরকালে ব্রিটিশ মন্ত্রী বলেন, কেউ চায় না যে তা ঘটুক, আমরা চাই গণতন্ত্র অব্যাহত থাকুক। তাই এ ব্যাপারে জনগণের রায়ই হবে চূড়ান্ত।

সফরের দ্বিতীয় দিনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বহুল আলোচিত সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি সম্পর্কে হিলারি বেন বলেন, সন্ত্রাস বাংলাদেশের প্রকৃত সমস্যা। সন্ত্রাসীদের হুমকির ধরন নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনেই বিপাকে আছেন বলে মনে হয়েছে।

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, দূর্নীতি রোধে বাংলাদেশের কতদূর অগ্রগতি সাধিত হয়েছে সেটা জনগণই বিচার করবে।

তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে যুক্তরাজ্য কিংবা বাংলাদেশে সবাই উদ্বিগ্ন। সাম্প্রতিক সহিংসতা ও উগ্রপন্থা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে না... বিনিয়োগের জন্য শান্তি অপরিহার্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের সকল সমস্যা সমাধানের দায় এখন জনগণের হাতে। আমরা সন্ত্রাসকে সফল হতে দিতে পারি না। বিনিয়োগ পরিবেশ আরো উন্নত হওয়া প্রয়োজন, তবে তা তৈরির বিষয়টি এখন জনগণের হাতে।

এর আগে ২০০২ সালে বেন বাংলাদেশ সফরে আসেন। বর্তমান সময়ের সাথে তার আগের সফরের তুলনামূলক বিষয়ে এক প্রশ্নের জবাবে বেন জানান, বিশ্বের অনেক দেশই বর্তমানে সন্ত্রাসী হুমকির শিকার। তবে বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাসের ধরন ভিন্ন।

তিনি বলেন, সন্ত্রাস বর্তমানে বিশ্বব্যাপী এক হুমকি। এটিকে বৈশ্বিকভাবেই মোকাবেলা করতে হবে।

আগামী নির্বাচন সম্পর্কে বেন বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তিনি পরাজয়ের বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি বিষয় বলে উল্লেখ করে একে সহজভাবে মেনে নেওয়ার আহ্বান জানান।

তিনি রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ  করেন।

বেন বলেন, দেশের গণতন্ত্র রক্ষার্থে ও আইনের শাসন প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করতে হবে। ক্রমাগত সন্ত্রাসী হুমকির শিকার বাংলাদেশের জন্য এটি অত্যন্ত জরুরি। একটি নিরাপদ বাংলাদেশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসী করবে বলেও তিনি জানান।

সন্ত্রাস মোকবেলার জন্য দারিদ্র্য মোকাবেলা করা জরুরি বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। এ ব্যাপারে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতায় ব্রিটিশ সরকারের প্রতিশ্র“তির কথাও ব্যক্ত করেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে তার কোনও আলাপ হয়নি।

তবে চৌধুরী নিজে এ ব্যাপারে জানান, তারা চাপ অব্যাহত রেখেছেন এবং এ ব্যাপারে এখনও তদন্ত চলছে।

চৌধুরী বলেন, এটি অত্যন্ত লজ্জার ব্যাপার।

দু দিনের সফর শেষে হিলারি বেন সোমবার বিকেলে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।