২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র হুমকি অব্যাহত: শেরপুরের ডিসিকে হত্যা এবং ঘাটাইল ইউএনও অফিস ও বেনাপোল চেকপোস্ট উড়িয়ে দেওয়ার হুমকি

সারাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)- এর হুমকি অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সোমবার তারা চিঠি ও টেলিফোনে শেরপুরের ডিসিকে হত্যা এবং টাঙ্গাইলের ঘাটাইল ইউএনও অফিস ও বেনাপোল চেকপোস্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেএমবি সদস্যরা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহেদ আলীকে সোমবার চিঠির মাধ্যমে তার অফিস ও বাসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

স্থানীয় কমান্ডার এম ইসলামের নামে চিঠিটি লেখা হয়েছে এবং দশ দিনের মধ্যে তাকে ঘাটাইল ছেড়ে চলে যেতে বলা হয়েছে অন্যথায় বোমা মারা হবে। এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি জিডি হয়েছে।

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর ডিসি এম এ এস ছিদ্দিককে সাত দিনের মধ্যে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে সোমবার ডাকযোগে চিঠি দিয়েছে জেএমবি। জেএমবির একজন কর্মীকে নকলা উপজেলার কেকাইকাটা থেকে গ্রেপ্তারের করার কারণে এ হুমকি দেয়া হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান,  টিএন্ডটি ও মোবাইল ফোনে যশোরের বেনাপোল চেকপোস্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি’র এক সদস্য।

পুলিশ ও সংশি¬ষ্ট সূত্র জানায়, চেকপোস্টের সুপার রফিক আহমেদকে রোববার ০১৮৮-১৭০৩২৬ নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়। হুমকিতে বলা হয় আগামী পাঁচ দিনের মধ্যে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট উড়িয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে বেনাপোল থানায় একটি জিডি করা হয়েছে এবং চেকপোস্ট এলাকায় ক্লোজসার্কিট ক্যামেরা ও মেটালডিটেক্টর বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।