একমুখী শিক্ষা কেবল স্থগিত নয়, বাতিল করতে হবে: আওয়ামী লীগ
একমুখী শিক্ষাকে গণবিরোধী, জাতীয় স্বার্থের পরিপন্থী, পশ্চাদমুখী, বিজ্ঞান শিক্ষা বিমুখ উল্লেখ করে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা কেবল স্থগিত নয়, বাতিলের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের পক্ষে একমুখী শিক্ষা ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ এক বিবৃতিতে বলেন, জনমত ও আন্দোলনের চাপে জোট সরকার এ ব্যবস্থাকে আপাতত স্থগিত করলেও এখনও তা শিক্ষার্থীদের মাথার ওপর ঝুঁলিয়ে রেখেছে।
তিনি বলেন, ‘জোট সরকার শুরুতেই এ প্রকল্পের প্রাথমিক কাজের নামে পাঁচশ কোটি টাকা লুটপাট করে নতুন বই ছাপার নামে আরও শত শত কোটি টাকা লুটপাটের প্রক্রিয়া শুরু করেছিল’।
বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম জনগণের সম্পদ লুন্ঠনের দায়ে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
