মানুষ ও পরিবেশের সুসম্পর্ক স্থাপনে অভিন্ন অবস্থানের মধ্য দিয়ে বিজিএস সম্মেলন সমাপ্ত
মানুষ ও পরিবেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ব্যাপারে অভিন্ন অবস্থানের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে রোববার ঢাকায় শেষে হয়েছে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্ট: ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
বাংলাদেশ জিওগ্রাফিকাল সোসাইটির (বিজিএস) ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার এলজিইডি ভবন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজক বাংলাদেশ এবং ভারত, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন রাষ্ট্রের প্রায় ৪০০ ভূগোলবিদ এ সম্মেলনে অংশ নেন। মানুষ ও পরিবেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে প্রাকৃতিক সমস্যা, পরিবেশগত অনুধাবন, উদ্ভিদ ও জীব জগতের শারীরিক স্বাস্থ্য, গ্রামাঞ্চল ও শহরের ভূমি ব্যবহারের অভ্যন্তরীণ বিষয়ে গবেষণা ও সমীক্ষা জোরদার করার উদ্দেশ্যে তারা এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিওগ্রাফিক সোসাইটির সভাপতি অধ্যাপক নাসরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ।
