ক্ষুদ্র বিদ্যুৎ: আগামী সপ্তাহ নাগাদ নতুন দরপত্র
বছরজুড়ে ব্যাপক আলোচিত ক্ষ ুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সরকার আগামী সপ্তাহ নাগাদ নতুন করে দরপত্র আহ্বান করতে যাচ্ছে। বিশ্বব্যাংকের ঋণের আওতায় স্থানীয় বাণিজ্যিক ব্যাংকসমূহ নির্বাচিত উদ্যোক্তাদের অর্থায়ন করবে।
নতুন সিদ্ধান্তের আওতায় দেশের ১০টি স্থানে ৩০ মেগাওয়াট ক্ষমতার ছয়টি এবং ২০ মেগাওয়াট ক্ষমতার চারটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। তবে এই কেন্দ্রেগুলোর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের বদলে সরবরাহ লাইনে সঞ্চালন করা হবে।
জানা গেছে, বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্যে নতুন নীতিমালা প্রণয়ন, প্রস্তাব আহ্বানের পর সব কিছু বাতিল করে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (আইপিপি) নীতির আওতায় দেশের বিভিন্ন স্থানে ১০টি ক্ষ ুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইপিপি নীতির ৪--২--১ ধারার আওতায় এই কেন্দ্রগুলোর জন্যে উদ্যোক্তা হবে স্থানীয় প্রতিষ্ঠান। আর দরপত্রের মাধ্যমে নির্ধারিত দাম টাকায় পরিশোধ করা হবে।
বিদ্যুৎ কেন্দ্রের জন্যে নির্ধারিত স্থানগুলো হচ্ছে কুমিল্লা ৩০ মেগাওয়াট, ফেনীর মহিপালে ২০ ও ফেনী গ্রিডে ৩০ মেগাওয়াট, মিরেশ্বরাই ৩০ মেগাওয়াট, রূপগঞ্জ ৩০ মেগাওয়াট, নরসিংদী ৩০ মেগাওয়াট, মাওনা ২০ মেগাওয়াট, টাঙ্গাইল ২০ মেগাওয়াট, উল্লাহপাড়া ২০ মেগাওয়াট এবং হবিগঞ্জ ২০ মেগাওয়াট।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী রোববার বিডিনিউজকে বলেছেন, সরকারের ক্রয় সংক্রান্ত নীতিমালা মেনে যত দ্রুত সম্ভব উদ্যোক্তা নির্বাচন চূড়ান্ত করা হবে। এ জন্যে আগামী সপ্তাহ নাগাদ দরপত্র আহ্বান করা হতে পারে বলে তিনি জানান।
আগামী গ্রীষ্মে ব্যাপক বিদ্যুৎ ঘটতি মোকাবেলার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দু’বছর আগে এই ক্ষ ুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতপার্থক্যের কারণে প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে। সর্বশেষ রাজনৈতিক উদ্যোক্তাদের দিয়ে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হলে সেটিও সমালোচনার মুখে ভেস্তে যায়। সর্বশেষ দরপত্রের মাধ্যমে ২৬০ মেগাওয়াট ক্ষমতার এই ১০টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোক্তা নির্বাচন এবং বিদ্যুতের দাম নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
