২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আত্মঘাতী হামলার পর শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলায় আতঙ্ক

নেত্রকোনায় আত্মঘাতী হামলার পর বৃহত্তর ময়মনসিংহের শেরপুরসহ ছয়টি জেলায় আতঙ্ক বিরাজ করছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

নেত্রকোণায় আত্মঘাতী হামলার দু’দিন পর শনিবার শেরপুরে জঙ্গিবাদের দেড়শতাধিক বই উদ্ধার এবং দুই জঙ্গিকে আটক করে পুলিশ। শহরের মানুষজন এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

শহরের কসবা কাচারীপাড়া এলাকা থেকে গ্রেপ্তারকৃত আরিফ ওরফে আলম হোসেন এবং সোহাগ ওরফে শহীদুল্লার কাছ থেকে জেএমবি’র হিটলিস্ট--এর তালিকাও উদ্ধার করে পুলিশ। দু’জনই শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

হিটলিস্ট থেকে জানা যায়, তাদের পরবর্তী টার্গেট শেরপুরের বেশ কয়েকজন সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, রাজনীতিক, লেখক, আইনজীবী এবং বিচারক। কবে কোন স্থানে তাদের হত্যা করা হবে, এ সংক্রান্ত বিবরণও তাদের লিস্টে আছে। এছাড়া যারা স্বেচ্ছায় স্বজ্ঞানে জেএমবি’র আত্মঘাতী দলের সদস্য হয়ে শাহাদাত বরণ করার অঙ্গীকার করেছে, এমন ২০/২৫ জনের পূরণ করা জেএমবি’র নির্ধারিত ফরমও উদ্ধার করেছে পুলিশ।

তারা পুলিশের কাছে জানায়, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোজাহিদুল ইসলাম সুমন তাদের শেরপুরে পাঠিয়েছে। 

গাজীপুরে দ্বিতীয় আত্মঘাতী হামলায় আহত জেএমবি সদস্য আবদুর রাজ্জাকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর এ আতঙ্ক আরও বেড়ে গেছে।

আবদুর রাজ্জাক পুলিশকে জানায়, গাজীপুরে হামলার আগে ছয়টি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহের ছয়টি জেলায় বোমা পাঠানো হয়েছে। উদ্দেশ্য নেত্রোকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলে আত্মঘাতী হামলা চালানো। এরই অংশ হিসেবে ৮ ডিসেম্বর নেত্রকোণা উদীচী অফিসের সামনে আত্মঘাতী হামলায় নিহত হয় আটজন।

এদিকে জেলার গোয়েন্দারা আশঙ্কা করছেন, জেএমবি’র আত্মঘাতী দলের কমপক্ষে ১২জন শেরপুরে অবস্থান করছে। বিজয় দিবসকে টার্গেট করে তারা নাশকতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছে।

তারা জানান, এর ফলে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে।