বাংলাদেশে চীনা নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা
বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা জনিত সম্ভাব্য সমস্যার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক বাণী উচ্চারণ করেছে।
বিবৃতিতে চীনা নাগরিকদের সন্ত্রাসীদের বিষয়ে সজাগ থাকতে বলা হয়। বাংলাদেশে আগস্টে সিরিজ বোমা বিস্ফোরণের জন্য সন্ত্রাসী সংগঠন দায়ী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ঢাকাস্থ চীন দূতাবাসের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনা দূতাবাস স্থানীয় চীনা নাগরিকদের সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ ও জন সমাগম এলাকা থেকে দূরে থাকার জন্য বলেছে। চীনা নাগরিকরা হামলার বিষয়ে বিন্দুমাত্র টের পেলে সাথে সাথে জরুরী ভিত্তিতে দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
কত জন চীনা নাগরিক এদেশে রয়েছে, সে ব্যাপারে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক শাখায় যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কিছু জানাতে পারেনি।
এদেশে বিভিন্ন ধরনের প্রজেক্টে বেশ কিছু সংখ্যক চীনা নাগরিক কর্মরত রয়েছেন।
