২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত (সমন্বিত)

মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে স্মরণ করে শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এ বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘নির্যাতন এবং তা প্রতিকারে বৈশ্বিক প্রচেষ্টা’।

বাংলাদেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন মানবাধিকার, রাজনৈতিক ও শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। এরমধ্যে রয়েছে, র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা, মানব বন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম ও বিক্ষোভ কর্মসূচি।

বিডিনিউজের প্রতিনিধিরা জানান, দিবসটি পালনে দেশের জেলা ও থানা পর্যায়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি।

রাজধানীতে দিবসটি উপলক্ষে পার্বত্যাঞ্চলের পাহাড়ি আদিবাসীদের বাক্ ও ব্যক্তি স্বাধীনতার দাবিতে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের ব্যানারে সকালে পাহাড়ি জনগণ শাহবাগে মানববন্ধন রচনা করে।

ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউন্যাব), মানবাধিকার সমন্বয় পরিষদ ও গ্রামীণ দরিদ্রদের উন্নয়ন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব রিপেট্রিয়েটেড বাংলাদেশী এমপ্লইজ (ডাব্লিউএআরবিই) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) পৃথক পৃথক আলোচনাসভা, সেমিনার ও মানবাধিকার সংক্রান্ত পোস্টার প্রদর্শনীর আয়োজন করে।

ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন চালুর প্রতিবাদে বাংলাদেশ ইপিজেড শ্রমিক কেন্দ্র সকালে  নগরীর মুক্তাঙ্গণে একটি ‘মুখোশ মিছিল’ বের করে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের মানবাধিকার লংঘনের প্রতিবাদে মুক্তাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন।

এছাড়া শত্র“ সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন জাতীয় কমিটি এ আইনকে মানাবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করে বিকেলে হাইকোর্ট ভবনের সামনে মানব বন্ধন রচনা করে।

বিডিনিউজের চট্টগ্রাম অফিস জানায়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক তথ্যে বলা হয়,  দেশের মানুষ তাদের জীবনযাত্রার ব্যয়ের ৭ দশমিক ৫ শতাংশ ঘুষ দিয়ে থাকে। এই ঘুষের পরিমান দেশের নিু মধ্যবিত্ত শ্রেণীর মোট আয়ের সমান এবং বিশ্বের মধ্যে সর্ব্বোচ্চ।

শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মানবাধিকার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখার জামান এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় ৩৬ শতাংশ ঘুষ দিতে হয়। শুধু তাই নয়, ছাত্রীদের জন্যে সরকারের দেওয়া শিক্ষা উপবৃত্তির এক তৃতীয়াংশই ঘুষ হিসেবে দিয়ে দিতে হয়।

তিনি আরো জানান, দেশের সরকারি হাসপাতালগুলোর বর্হিবিভাগের ৫৪ শতাংশ রোগীকে এক্সরে করাতে ঘুষ দিতে হয়। থানায় সাধারন ডায়েরি করাতে ৭৪শতাংশ মানুষকে এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্যে ৮০ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান মানবাধিকার নিশ্চিত করতে সমাজ থেকে দুর্নীতি দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি দূরীকরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা এবং বঞ্চিতদের মানবাধিকার রক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিকারের অধিকারই প্রকৃত মানবাধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তারা সমাজের মানবাধিকার বঞ্চিতদের এই প্রতিকারের অধিকার দিতে পারে।

বিচারপতি হাবিবুর রহমান বলেন, বিদেশী দাতাদের চাপের মুখে দেশে দুর্নীতি দমন কমিশন গঠন করা হলেও কমিশনে কোনও গাইডলাইন এবং পর্যাপ্ত জনবল নেই।

একাডেমী অব এডুকেশন ডেভেলপমেন্ট (এইডি) এবং ইউএসএইডের সহযোগিতায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাডভোকেসি প্রোগ্রাম (বিএইচআরএপি) দেশে মানবাধিকার লংঘন হ্রাস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টর গ্যানে জর্জ, বিএইচআরএপি/এইডির চিফ অব পার্টি মিস সুসান ওয়ার্ড, লেখিকা সেলিনা হোসেন, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, বাংলাদেশ ইনস্টিউট অব থিয়েটার আর্টসের (বিটা) নির্বাহী পরিচালক শিশির দত্ত।

বক্তারা মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

মেলার অংশ হিসেবে, মানবাধিকার বিষয়ক চূড়ান্ত পর্বের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, মানববন্ধন এবং মানবাধিকার বিষয়ক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।