২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ২৫ কেজি বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আপডেট

র‌্যাব-৯ ও পুলিশ শুক্রবার এক যৌথ অভিযানে টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার বুরবুরিয়া গ্রাম থেকে সাড়ে ১৫ কেজি বিস্ফোরকসহ ২৫ কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 10:49 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

উদ্ধারকৃত এসব সরঞ্জাম দিয়ে দু’শতাধিক বোমা তৈরি সম্ভব বলে র‌্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দল জানিয়েছে। এ ঘটনায় র‌্যাব ও পুলিশ দুইজনকে আটক করে।

এছাড়াও বিডিআর ও পুলিশ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ছয়টি, কুষ্টিয়ায় চারটি এবং সিরাজগঞ্জে দুটি বোমা উদ্ধার করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে ১৭জন সন্দেহভাজন জেএমবি সদস্য।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, বুরবুরিয়া গ্রামের বিলের পাশে গোপন একটি টিনের চালাঘর থেকে এসব বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ১২ কেজি (২৫ প্যাকেট) গান পাউডার, ১০ কেজি জালের কাঠি, পাঁচটি ব্যাটারি, এক কেজি বিস্ফোরক জেল, দুই কেজি কার্বন পাউডার, বৈদ্যুতিক তার, সুইচ, নাইলন সুতা, স্কচটেপ ও বৈদ্যুতিক সার্কিট অংকিত কাগজপত্র ইত্যাদি।

এদিকে বিডিআর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তে পাঁকা নারায়নপুর চর এলাকা থেকে ছয়টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করে।

বৃহস্পতিবার রাত নয়টায় ওয়াহেদপুর সীমান্তের প্রায় এক কিলোমিটার ভিতরে পাঁকা নারায়নপুরে নদীর চর এলাকায় একটি ব্যাগ থেকে ছয়টি বোমা উদ্ধার করা হয়। 

ওই ঘর থেকে পুলিশ সোহেল নামে এক (২০) যুবককে ধরে ফেলে।

আটক সোহেল জানায়, অভিযানের সময় মীর সুমন, ও মীর দীপন নামে দুই ভাই পলিয়ে যায়।

পুলিশ, ওই দুই ভাইকে না পেয়ে তাদের বাবা রাজশাহীর টিএন্ডটির উপসহকারি প্রকৌশলী মীর সোলায়মানকে আটক করেছে।  

৫ ঘন্টা ধরে চালানো এ অভিযান শেষে উদ্ধারকৃত সরঞ্জামগুলো টাঙ্গাইল পুলিশ অফিসে আনা হয়।

র‌্যাবের ক্যাপ্টেন তারিক জানান, উদ্ধারকৃত এ সরঞ্জাম দিয়ে বর্তমানে জেএমবির সুইসাইড স্কোয়াডে ব্যবহৃত বোমার মত দু’শতাধিক বোমা তৈরি সম্ভব।

এছাড়াও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ও পৌর এলাকার মীরপুর থেকে সদর থানা পুলিশ শুক্রবার সকালে দুইটি বোমা উদ্ধার করে।

পুলিশ জানায়, দমকল বাহিনীর সহায়তায় সদর থানা পুলিশ সকাল সাড়ে নয়টার সময় পৌর এলাকার মিরপুরে জোহরা হাফিজিয়া মহিলা মাদ্রাসার কাছে প্রথম বোমাটি এবং সকাল দশটার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সম্মুখে ফুলের বাগান থেকে অপর বোমাটি উদ্ধার করে।