বাণিজ্য সংস্কারে বাংলাদেশের দারিদ্র্য সাময়িকভাবে বাড়বে: বিশ্বব্যাংক সমীক্ষা
পুরোপুরি বাণিজ্য উদারীকরণের ফলে সাময়িকভাবে বাংলাদেশে দারিদ্র্যের হার ১ দশমিক ১ শতাংশ বাড়বে। সম্প্রতি বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় একথা বলা হয়।
এতে বলা হয়, কৃষি বাণিজ্যে সংস্কারের প্রেক্ষিতে বেশ কিছু দেশ সাময়িকভাবে এ পরিস্থিতির সম্মুখীন হবে। কৃষি পণ্যের আমদানিকারক হিসেবে বাংলাদেশে সংক্ষিপ্ত সময়ের জন্যে দারিদ্র্য হার ১ দশমিক ১ শতাংশ বাড়বে। কিন্তু দীর্ঘ মেয়াদী ফলাফল হিসেবে দেশটির দারিদ্র্যের হার ৪ দশমিক ৬ শতাংশ কমবে বলে এতে উল্লেখ করা হয়।
বিশ্বব্যাংকের গবেষণা সেলের পরিচালক এল অ্যালান উইনটার্স এবং পারডিউ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক থমাস হার্টেল যৌথভাবে ‘দারিদ্র্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা: দোহা উন্নয়ন ঘোষণার প্রভাব’ শীর্ষক এ সমীক্ষা পরিচালনা করেন।
সমীক্ষায় বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা উন্নয়ন আলোচনার ‘উচ্চাকাঙ্খী’ চুক্তি অনুযায়ী দারিদ্র্য হৃাস পাবে। তবে এক্ষেত্রে বাংলাদেশের মতো বেশ কিছু দেশের দীর্ঘ মেয়াদী দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যমাত্রা অর্জনে বাণিজ্য সহায়তার প্রয়োজন হবে।
এতে আরও বলা হয়, দোহা সংস্কারের ফলে বিশ্ব বাজারে মুল্যবৃদ্ধি এবং কৃষিজাত ও খাদ্য সমাগ্রীর বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্যের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে।
সমীক্ষায় বলা হয়, বিশ্ব বাজারে দাম বাড়লে যাতে স্থানীয় বাজারেও দাম বাড়ে সেজন্যে সরকারের অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় বিপণন প্রতিষ্ঠানের সংস্কার সাধন করা উচিত।
দরিদ্র দেশগুলোর দীর্ঘ মেয়াদী সুবিধা অর্জনের ব্যাপারে হার্টেল বলেন, বাণিজ্যের বিনিময়ে সাহায্যের বিষয়টি খুবই স্পষ্ট। এজন্যে যেটি দরকার- সেটি হলো, প্রাথমিক পর্যায়ের ঝুঁকি কাটিয়ে উঠে দরিদ্র দেশগুলো যাতে ভবিষ্যতের সুযোগ নিতে পারে, সেজন্য এসব দেশকে সহায়তা করতে হবে।
