বায়তুল মোকাররম মসজিদ থেকে সন্দেহভাজন এক জেএমবি আটক
রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে পুলিশ শুক্রবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সন্দেহভাজন সদস্যকে আটক করেছে। আটককৃতর নাম মোহাম্মদ আলমগীর।
পুলিশ জানায়, শুক্রবারের জুম্মার নামাজের আগে মসজিদে ইমামরা জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার মাত্র এক ঘন্টা আগে বায়তুল মোকাররম থেকে জেএমবি’র ওই সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত মোহাম্মদ আলমগীর রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ আলমগীরের কাছ থেকে বেশকিছু নথিপত্র উদ্ধার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সারাদেশে জঙ্গিদের বোমা হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে।
