২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপাড়ায় বোমাতংক, বাসার সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ

সাংবাদিক হন বা যত বড় নেতাই হন, দূরে থাকেন, কাছে আসবেন না। বাসার ভেতরে ঢোকা যাবে না, মন্ত্রীর নিষেধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার বেইলি রোডের সরকারি বাসভবনের প্রধান ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যরা সাংবাদিকদের একথাই জানান।

ওই দিন সকালে নেত্রকোনায় আত্মঘাতি শক্তিশালী বোমা হামলায় আটজন নিহত হওয়ার পর বেশ কিছু সাংবাদিক মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে সেখানে যান।

শুধু স্থানীয় সরকার মন্ত্রীর বাসাই নয়, রাজধানীর মিন্টো রোড ও বেইলি রোডসহ গোটা মন্ত্রিপাড়ায় বোমা আতংক বিরাজ করছে। মন্ত্রিদের বাসার সামনে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না।

ওইসব এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। কিছু সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ব্যারিকেড বসানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

মন্ত্রিদের বাসায় সাংবাদিক এবং দলের নেতাকর্মীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো মন্ত্রীই নেত্রকোনার উদীচী কার্যালয়ের সামনে শক্তিশালী আত্মঘাতি বোমা বিস্ফোরণের পর মুখ খুলছেন না।

এর আগে বোমা বা গ্রেনেড হামলা অথবা অন্য কোনো ঘটনা ঘটলে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব সাংবাদিকদের ব্রিফিং করতেন।