ঢাকা থেকে জেএমবির প্রশিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রাম পুলিশ বুধবার রাতে জেএমবির এক প্রশিক্ষকসহ পাঁচ জঙ্গিকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রামে গ্রেপ্তারকৃত জঙ্গি মিলন ইসলাম মিঠুর দেওয়া তথ্য অনুযায়ী এই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পল্লবী থেকে গ্রেপ্তার হওয়া জেএমবি প্রশিক্ষকের নাম নুরুল ইসলাম জুয়েল(৩৫)। তার বাড়ি জামালপুর জেলায়।
কারাতে ব্ল্যাক বেল্ট অর্জনকারী জঙ্গি প্রশিক্ষক জুয়েলসহ পাঁচ জঙ্গিকে বুধবার রাতে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে।
জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে, ছয় মাস আগে জেএমবি প্রধান আবদুর রহমানের ভাই আতাউর রহমান সানির মাধ্যমে সে জঙ্গিদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পায়।
তার তত্ত্বাবধানে ঢাকা ও গাজীপুরে জেএমবির কয়েকটি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হতো।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে জানিয়েছেন, জুয়েল ছাড়া অপর চার জঙ্গির কার্যকলাপ সম্পর্কে পুলিশ এখনও পুরোপুরি ধারণা পায়নি। তাই তাদের নাম পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।
বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ পুলিশের একাধিক টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলেও তিনি জানিয়েছেন।
