হবিগঞ্জ ডিসি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি, মেহেরপুর থেকে জঙ্গি গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
এদিকে মেহেরপুর থেকে বৃহস্পতিবার সকালে জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, চিঠিতে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ৭ ডিসেম্বরের মধ্যে জেএমবি’র সদস্যদের হয়রানি করা বন্ধ না করলে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বোমা মেরে জেলা প্রশাসকের কার্যালয় উড়িয়ে দেওয়া হবে।
এদিকে মেহেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে জামাল উদ্দিন নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামাল উদ্দিনকে মেহেরপুর জেলার সদর থানার হোটেলগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
