নেত্রকোণায় বোমা বিস্ফোরণে হামলাকারী ও উদীচী নেতাসহ ৫ জন নিহত, আহত অর্ধ শতাধিক
নেত্রকোণায় বৃহস্পতিবার সকালে পরপর দু’টি বোমা হামলার ঘটনায় আত্মঘাতী হামলাকারী ও জেলা উদীচীর সাধারণ সম্পাদকসহ পাঁচজন নিহত এবং ৬ পুলিশসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।
নিহতের মধ্যে জেলা উদীচীর যুগ্ম সম্পাদক খাজা হায়দার হোসেনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের মধ্যে দু’জন হামলাকারী ও অজ্ঞাতনামা একজন মহিলা রয়েছেন। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২০ জনকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ ঘটনায় নেত্রকোণা আসছেন।
প্রথম বিস্ফোরণটি ঘটে সকালে ৯টা ৪০--এ শতদল ক্লাব ও উদীচী কার্যালয়ের সামনে।
গুঁড়ো দুধের কৌটায় একটি বোমা--সদৃশ বস্তু দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনী এসে পানি দিয়ে বোমাটি নিস্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। এসময় দুই পুলিশসহ তিনজন আহত হয়।
প্রথম বোমা হামলার খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। পরিদর্শন শেষে তারা ফিরে যাওয়ার সময় আত্মঘাতী অপর হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। অপর দু’জনকে নেত্রকোণা সদর হাসপাতালে নেয়ার পর মারা যায়।
তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অক্ষত রয়েছেন।
