২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলার ক্ষতিপূরণ দাবিনামার জবাব দিয়েছে নাইকো

টেংরাটিলা দুর্ঘটনার জন্যে পেট্রোবাংলার পাঠানো ক্ষতিপূরণ দাবিনামার জবাব দিয়েছে নাইকো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বুধবার দেওয়া এ জবাবে বলা হয়, এই ক্ষতিপূরণ দাবি তাদের আইন বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন। বাপেক্স’র সাথে স্বাক্ষরিত জেভিএ অনুসারে পুড়ে যাওয়া গ্যাস ও পরিবেশের ক্ষতিপূরণ দিতে হবে কিনা, এটি পর্যালোচনার পরই নাইকো বিষয়টি নিয়ে পেট্রোবাংলার সাথে চূড়ান্ত পর্যায়ে কথা বলবে।

মঙ্গলবার পেট্রোবাংলার পক্ষ থেকে নাইকোর কাছে আনুষ্ঠানিকভাবে এ ক্ষতিপূরণ দাবিনামা পেশ করা হয়। তাতে বলা হয়, পুড়ে যাওয়া ৮ দশমিক ৮৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) (পুড়ে যাওয়া গ্যাস ৩ বিসিএফ এবং ভূ--গর্ভে নষ্ট হওয়া ৫ দশমিক ৮৯ বিসিএফ)  গ্যাসের জন্যে ক্ষতিপূরণ দিতে হবে। তবে সরারসি টাকার হিসাব উল্লেখ না করে এই পরিমাণ গ্যাস নাইকোকে বিনামূল্যে সরবরাহ করতে বলা হয়। এই পরিমাণ গ্যাসের দাম ২০০ কোটি টাকার বেশি।

আর পরিবেশের ক্ষতির জন্যে চাওয়া হয়েছে ৮৪ কোটি টাকা।

সর্বোপরি টেংরাটিলা দুর্ঘটনার পর সম্পদের ক্ষতি নির্ধারণে গঠিত কমিটি রিপোর্টে উল্লেখ্য করে, নাইকোর কাছ থেকে ৪৫ বিসিএফ গ্যাসের দামের সমপরিমাণ অর্থ ব্যাংক গ্যারান্টি হিসেবে দেওয়ার কথা বলা হয়।

অবশ্য তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পেট্রোবাংলার পক্ষ থেকে ৫২ বিসিএফ গ্যাসের জন্যে ক্ষতিপূরণ দাবি করতে বলা হয়েছিল। উল্লেখ্য, কমিটির বিপোর্টে বলা হয়, পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ কোনোভাবেই তিন বিসিএফ এর বেশি নয়। তবে মূল মজুদে গ্যাস ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা উৎপাদনে যাওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

নাইকো রির্সোস বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং কান্ট্রি প্রধান ব্রায়ান এডলফের স্বাক্ষর করা চিঠিতে পেট্রোবাংলাকে জানানো হয়, নাইকো ইতোমধ্যে স্থানীয় জনগণের ক্ষতি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। তবে নতুনভাবে দাবি করা ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সঠিকতা যাচাই করে তারা এর চূড়ান্ত জবাব দেবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সের) সাথে জয়েন ভেঞ্চার চুক্তির আওতায় নাইকো ছাতক গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানকালে গত জানুয়ারি মাসে প্রথম দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্যে রিলিফ কূপ খননকালে আবার দুর্ঘটনা ঘটে গত জুন মাসে। সর্বশেষ গত অক্টোবর মাসে দ্বিতীয় রিলিফ কূপ খনন করে দুর্ঘটনাকবিলতি কূপ সফলভাবে বন্ধ করে দেওয়ার দাবি করেছে নাইকো।