বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ মন্ত্রী হিলারি বেন
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিলারি বেন দু’দিনের সফরে ১১ ডিসেম্বর বাংলাদেশে আসছেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এ সপ্তাহেই তার এ সফর সম্পর্কে লন্ডনে হিলারি বেন জানান, তিনি বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করতে যুক্তরাজ্য ও বাংলাদেশের একযোগে কাজ করার বিভিন্ন উপায় সম্পর্কে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে আলোচনার অপেক্ষায় আছেন।
ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের পথে অন্তরায়গুলো ওই আলোচনায় স্থান পাবে এবং আমার ২০০২ সালের সফরের পর বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে তাও আমার পর্যবেক্ষণের বিষয়।
হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ সফরে আসছেন।
গার্মেন্টস শিল্পে কোটা পরবর্তী সময়ের চ্যালেঞ্জ বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে, এ সফরে সে বিষয়ে অনুসন্ধানের সুযোগ তৈরি হবে বলে তিনি জানান। এ খাতের মাধ্যমে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে।
এছাড়া বাংলাদেশে কীভাবে উচ্চ পর্যায়ের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়, সে ব্যপারে আলোচনার জন্যেও তিনি উৎসাহী বলে জানান।
