ভারতের মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নটবর সিং
চল্লিশ দিনেরও বেশি সময় দ্বিধা--দ্বন্দ্বের পর ভারতের সাবেক পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বুধবার পদত্যাগ করেছেন।
দপ্তরবিহীন মন্ত্রী নটবর সিংয়ের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে।
মনমোহন এখন রাশিয়া সফরে থাকায় পদত্যাগপত্রটি মস্কোতে প্রধানমন্ত্রীর হোটেল কক্ষে ফ্যাক্স করে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল, বুধবার মনমোহন সিং মস্কো থেকে দেশে ফেরার পর নটবর সিং তার কাছে পদত্যাগপত্রটি প্রদান করবেন।
এদিকে বিরোধী দলের ব্যাপক প্রতিবাদ ও নিজ দল কংগ্রেসের মধ্যে লজ্জাকর একটি পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নটবর সিংকে প্রধানমন্ত্রীর দেশে ফেরার আগেই পদত্যাগ করতে হল।
২০০১ সালে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকে জাতিসংঘের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির অনিয়ম তদন্তে গঠিত জাতিসংঘের ভোলকার কমিশন তাদের তদন্ত প্রতিবেদনে অভিযোগ করে, এ কর্মসূচিতে সম্পৃক্ত থাকাকালে নটবর সিং ও কংগ্রেস পার্টি নিয়মবহির্ভূতভাবে সুবিধা নিয়েছে। এরপর ক্ষমতাসীন কংগ্রেসের নীতি--নির্ধারক ফোরাম ওয়ার্কিং কমিটি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।
নটবর সিংয়ের ছেলে জগত সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
মন্ত্রিসভা থেকে নটবর সিং পদত্যাগ করায় প্রধানমন্ত্রী কংগ্রেস--নেতৃত্বাধীন জোট সরকারকে একটি নতুন পররাষ্ট্র মন্ত্রী উপহার দেবেন কিনা এবং ভোলকার কমিটির বিষয়টি ফয়সালা হয়ে যাওয়ার পর নটবর সিং আবার ফিরে আসতে পারবেন কিনা, তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে।
