১০ ডিসেম্বর চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার মেলা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০০৫ উপলক্ষ্যে একাডেমী ফর এডুকেশনাল ডেভেলপমেন্টস বাংলাদেশ এর হিউম্যান রাইটস এডভোকেসী প্রোগ্রাম এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক মানবাধিকার মেলা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহযোগিতায় ১০ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিআইটিএ) এই মেলার আয়োজন করবে।
বাংলাদেশে দৈনন্দিন জীবনে যারা মানবাধিকার সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ এবং সরকারি নীতিমালায় সন্নিবেশিত মানবাধিকার বিষয়াবলীর পরিবর্তনে যারা কাজ করছেন তারা এই মেলায় একত্রিত হবেন। মেলায় অংশগ্রহনকারীরা সম্মিলিতভাবে মানবাধিকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত, অভিজ্ঞতা বিনিময় এবং গুরুত্বপূর্ণ মানবাধিকার ইস্যুগুলো জনগণকে অবহিত করবেন।
মানবাধিকার রক্ষায় চট্টগ্রামসহ সারা দেশ থেকে আগত নাগরিকদের একটি মানব বন্ধন গড়ে তোলার মধ্য দিয়ে দিনটি শুরু করা হবে জানা যায়। এরপর মানবাধিকার ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করা হবে। একাডেমী ফর এডুকেশনাল ডেভেলপমেন্টস বাংলাদেশ এর মানবাধিকার এডভোকেসী প্রোগ্রাম এর সহযোগী সংগঠনসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো মেলা মাঠে স্থাপিত বুথগুলোতে দিন ব্যাপী তাদের কর্মকান্ড ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবে।
চট্টগ্রাম থিয়েটার এ ‘মিনকন্যা : টেল অব টু মারমেইডস’ নামক নাটক প্রদর্শণের মাধ্যমে চলতি বছরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস শেষ হবে।
