২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৯ ডিসেম্বর আওয়ামী লীগসহ ১৪ দলের দ্বিতীয় মহাসমাবেশ

সরকার পতনের লক্ষ্যে খুলনার সার্কিট হাউজ ময়দানে ৯ ডিসেম্বর আওয়ামী লীগসহ ১৪ দলের দ্বিতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা প্রিতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এ মহাসমাবেশকে ঘিরে মিছিল-মিটিংয়ে খুলনা মহানগরী এখন উত্তাল।

এর আগে ঢাকায় ২২ নভেম্বর অনুষ্ঠেয় মহাসমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ ২৩ দফা দাবিতে সরকার পতনের ডাক দেয়া হয়।

সরকার পতনে খুলনার এ মহাসমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী  শেখ হাসিনাসহ ১৪ দলের শীর্ষ নেতারা সমবেত হবেন।

শেখ হাসিনা খুলনার মহাসমাবেশ থেকে সরকার পতনের নতুন কর্মসূচি এবং সরকারের  কঠোর সমালোচনা করে জোরালো বক্তব্য দিবেন এমন আভাস দিয়েছেন দলের সিনিয়র দুইজন নেতা।

তারা বলেন, ঢাকার সমাবেশের সফলতায় উজ্জীবিত ১৪ দলের নেতা কর্মীরা খুলনায় ফিরে মাঠে নেমেছেন। তারা খুলনার সমাবেশ থেকে নতুন নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাবেন।

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ১৪ দলের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন।

আওয়ামী লীগের খুলনা নগর সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি তাদের কর্মসূচির ব্যাপারে বিডিনিউজকে জানান, লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে খুলনায় স্মরণকালের বৃহত্তম মহাসমাশের প্র¯ু‘তি নেয়া হয়েছে। এ সমাবেশ থেকেই ব্যর্থ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক জামাত বিএনপি জোট সরকারের পতনের আন্দোলন খুলনার ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

১৪ দলের ২৩ দফা দাবি জনগনের মুক্তির সনদ হিসেবে অভিহিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ বলেন, এ আন্দোলন গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া হবে।

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া বিডিনিউজকে জানান, সারাদেশে জামাত বিএনপি জোট সরকারের মদদে যে জঙ্গি মৌলবাদের উত্থান ঘটেছে জনগণ তার অবসান চায়। এ লক্ষ্যে খুলনার সমাবেশে কর্মসূচি এবং বঞ্চিত খুলনার উন্নয়নের দাবি জাতীয় নেতাদের কাছে তুলে ধরা হবে।

এদিকে বিএনপিসহ চার দলীয় জোটের নেতা কর্মীরাও বসে নেই। চলছে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি। বিরোধী জোট যেমন তাদের শক্তি প্রদর্শন করতে চায় সরকারি জোটও তেমনি দেখাতে চায় সরকারি জনসমর্থন। আর এ নিয়ে একটু একটু করে বাড়ছে উত্তেজনা।

যদিও খুলনার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, সার্কিট হাউজ ময়দানের মহাসমাবেশকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা তারা ঘটতে দেবেন না।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খান সাইদ হাসান বিডিনিউজকে জানান, ১৪ দলের নেতারা তাদের কর্মসূচির ব্যাপারে আমাদের সাথে কথা বলেছেন। নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহন করছি।

নিরাপত্তা ও শৃংখলা রক্ষায় পাঁচ শতাধিক নিরাপত্তা কর্মীর সমন্বয়ে নিজস্ব নিরাপত্তা বেষ্টনী  গড়ে তোলা হবে বলে সরকার বিরোধী জোট সূত্রে জানা গেছে। যদিও এখনও  কোন সহিংসতার আশংকা করছে না খুলনা পুলিশ ও রাজনৈতিক বিশ্লেষকরা।