২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থী দুই সংগঠনের সঙ্গে জেএমবি’র জোট

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নিষিদ্ধ ইসলামি সংগঠন জেএমবি এবার চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজ ও পূর্ববাংলা কমিউনিস্ট পার্টিকে (এমএল জনযুদ্ধ) নিয়ে একাট্টা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

কুষ্টিয়ার পুলিশ সুপার মাসুদ-উল হাসানের কাছে ডাকে পাঠানো এক চিঠিতে এ দাবি করা হয়েছে।

চিঠির সূত্র ধরে তদন্ত চালিয়ে এ ব্যাপারে সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। গত পাঁচদিন আগে পাঠানো চিঠিতে চরমপন্থি ও জেএমবির একাট্টা হওয়ার ব্যাপারে আভাস দেওয়া হয়। ওই চিঠিতে ক্রসফায়ার ও জঙ্গিদের নিয়ে ঘাটাঘাটি না করার পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে। ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, এসব বন্ধ না হলে অফিস অথবা বাসা যেকানেই থাকেন না কেন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

সূত্র জানিয়েছে, ক্রসফায়ারে ব্যাপক হারে চরমপন্থিদের মৃত্যু ও ক্রসফায়ারের ভয়ে চরমপন্থিদের পালিয়ে বেড়ানোর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনগুলো কোনঠাসা হয়ে পড়ে। এদিকে বোমা হামলাকারী জেএমবি সদস্যরা ব্যাপক ধরপাকড় ও উপর্যুপরি অভিযানের কারণে মনোবল হারিয়ে ফেলেছে। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং ওই অঞ্চলে তাদের অবস্থান আবার সংহত করার উদ্দেশে তারা একজোট হয়ে থাকতে পারে বলে সূত্র ধারণা করছে।