‘কমিউনিটি রেডিও দুর্যোগ ব্যবস্থাপনাসহ সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে’
কমিউনিটি রেডিও বা লোক - বেতার দেশের দূর্গম এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ কারণে সরকারের উচিত কমিউনিটি রেডিও চালু করার অনুমতি দেওয়া।
মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে কমিউনিটি রেডিও বিষয়ক জাতীয় পরামর্শ সভায় আলোচকরা একথা বলেন।
ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও বিএনএনআরসি’সহ পাঁচটি সংগঠন যৌথভাবে দুদিন ব্যাপি ওই সভার আয়োজন করে।
সাবেক মন্ত্রী ও সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের সভাপতি ড. মিজানুর রহমান শেলী এতে সভাপতিত্ব করেন।
আলোচনায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে অন্তত: এক হাজার কমিউনিটি রেডিও রয়েছে। এরমধ্যে প্রতিবেশি দেশ ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তান রয়েছে।
পিপিআরসি’র প্রধান নির্বাহী ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের বঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ করে গণশক্তিতে পরিণত করতে ও উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় কমিউনিটি রেডিও ভূমিকা রাখতে পারে। কমিউনিটি রেডিওর কারণে প্রচলিত জাতীয় বেতারের কোনো ক্ষতি হবে না।
অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ বলেন, আমাদের দেশে নতুন কিছু করতে গেলেই সরকার আটকে দেয়। তবে ধাক্কা দিতে পারলে আবার ছেড়েও দেয়। কমিউনিটি রেডিওর অনুমোদনের জন্যও সরকারকে ধাক্কা দিতে হবে।
আইন কমিশনের সদস্য ড. এনামুল হক বলেন, দূর্গম এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে কমিউনিটি রেডিও আরও দ্রুত কাজ করতে পারবে। স্থানীয় লোকজন দ্রুত সতর্ক সংকেত পাবে। তাই সরকারের উচিত হবে এ ব্যাপারে আরও উদার হওয়া।
আলোচনায় অন্যানের মধ্যে অংশ নেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান, ইউনেস্কোর এশীয় প্রশান্ত মহাসাগরীয় দপ্তরের উপদেষ্টা তার্যা ভার্তানন, ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি উলফ্গ্যাঙ ভলম্যান ও এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু।
