বিজয় দিবস, বিশ্ব এজতেমা, ঈদ--উল-আজহার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কাবস্থায়
আসন্ন বিজয় দিবস, বিশ্ব এজতেমা ও ঈদ-উল-আজহার সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য জঙ্গি হামলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সরকার ইতোমধ্যেই নগরীর কয়েকটি স্থানে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও বিজয় দিবস উদযাপনের সময় রাস্তাঘাটে মেলার আয়োজনকে নিরুৎসাহিত করা হবে।
বিজয় দিবসের নিরাপত্তা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পল্টন ময়দান ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হবে।
তিনি বলেন, বিস্ফোরক সরবরাহকারীদের চিহ্নিত এবং আটক করার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। আরও অনেক খুশির খবর রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন। তবে সময় এলে সেসব প্রকাশ করা হবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক ও অন্যান্য গুরুত্বপূর্ন স্থাপনায় র্যাব, মহিলা পুলিশ--বিডিআর, ডগ স্কোয়াড, পুলিশসহ সকল সংস্থার সদস্য মোতায়েন থাকবে।
বৈঠকের একটি সূত্র জানায়, এসব স্থানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে বিজয় দিবস, পবিত্র ঈদ-উল-আজহা ও বিশ্ব এজতেমা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন জঙ্গি মোকাবেলার ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই।
