গাজীপুরে বোমা হামলায় আহত আরো ১জন আইনজীবীর মৃত্যু, হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার, ১ম লিড
গাজীপুর আদালত চত্বরে ২৯ নভেম্বর জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় গুরুতর আহত আরো একজন আইনজীবী সোমবার মারা গেছেন। এদিকে হামলার মূল পরিকল্পনাকারী জেএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)কে পুলিশ আটক করেছে।
আহত আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল আজীম ছয় দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে গাজীপুরে দু’টি বোমা হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১। এদের মধ্যে চারজনই আইনজীবী।
এদিকে ওই দু’টি বোমা হামলার মূল হোতা এবং নিষিদ্ধ সংগঠন জিএমবি’র শীর্ষ নেতা জুয়েল (২৫)কে পুলিশ আটক করেছে। এ সময়ে তার কাছ থেকে পুলিশ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
গোয়েন্দা সূত্র জানায়, সোমবার সকালে স্ত্রী স্বপ্না (২৪), কেয়ারটেকার মনির (৩২)সহ চৌরাস্তার তেলিপাড়া এলাকার বাসা থেকে জুয়েলকে আটক করা হয়।
জুয়েলের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।
আটকের পর তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুর পুলিশ সুপারের অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় কাউকে এমনকি সাংবাদিকদেরও আটককৃতদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি।
গাজীপুর বার লাইব্রেরিতে ২৯ নভেম্বর জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং ৩০ জন আহত হয়। পরে ওইদিনই আরও পাঁচজন মারা যায়। ৩ এবং ৫ ডিসেম্বর আরও দু’জন মারা যায়।
অন্যদিকে ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরো একটি আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত এবং ২০ জন আহত হয়।
গাজীপুরে অ্যাডভোকেট আনোয়ারুল আজীমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে আইনজীবীসহ সর্বস্তরের লোকজন ক্ষোভে ফেটে পড়ে। পরে আদালত প্রাঙ্গণে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
