হবিগঞ্জে হিন্দু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বন্ধে জেএমবির হুমকি
হবিগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বন্ধ রাখা এবং মন্দিরে আল্লাহর আইন বাস্তবায়নের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
হবিগঞ্জ জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে সোমবার সকালে ডাকযোগে আসা এ চিঠিতে বলা হয়, ট্রাস্টের কার্যক্রম বন্ধ না করা হলে এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার পালসহ তার পরিবারের সকলকে হত্যা করা হবে।
চিঠিটির এক পাশে কাফনের কাপড়ের প্রতীক হিসেবে এক টুকরো সাদা কাপড় জুড়ে দেওয়া হয়। চিঠির প্রেরকের ঠিকানায় জেএমবি ও বাংলা ভাই লেখা রয়েছে।
চিঠি পাওয়ার পর ট্রাস্টের সহকারী পরিচালক সঞ্জয় কুমার নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
