২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে চিংড়ি ঘের হামলায় ২ ডাকাত নিহত, আহত ১০

কক্সবাজারের চকোরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের চরণদ্বীপে রোববার ভোর রাতে একটি চিংড়ি ঘেরে ডাকাতি করতে গিয়ে পাহারাদারের গুলিতে দুই ডাকাত নিহত এবং ডাকাত ও গ্রামবাসীসহ ১০ জন আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিহতরা হলো ডাকাত সর্দার জিয়াউর রহমান (২৮) এবং তার ভাতিজা আরিফ (২২)। এদের বাড়ি কাটাখালী গ্রামে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চরণদ্বীপের খলিলুর রহমানের চিংড়ি ঘেরে ২০/২৫ জনের একটি ডাকাত দল হামলা চালালে ঘেরের পাহারাদাররা ডাকাত দলকে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়।

গুলি বিনিময়ের এক পর্যায়ে এক ডাকাত ঘটনাস্থলে নিহত ও পাহারাদারসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে অপর এক ডাকাত হাসপাতালে মারা যায়।

এ ছাড়া গুরুতর আহত পাহারাদার মোহাম্মদ সাদেক, মন্জুর আলম এবং জামাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গ্রামবাসী মিন্টু (২২) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত ডাকাতদের লাশ পুলিশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে চকোরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।