৪ দলীয় জোট মহাসচিবদের রোববারের বৈঠক স্থগিত
জঙ্গি ইস্যুতে সংলাপ অনুষ্ঠানসহ নীতি--নির্ধারণ এবং চারদলীয় জোট ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়ে জোটভুক্ত দলগুলোর মহাসচিবদের রোববার অনুষ্ঠেয় বৈঠক স্থগিত করা হয়েছে।
শনিবার আকস্মিকভাবেই বৈঠকটি অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করা হয়। তবে এর কোনো কারণ জানা যায়নি।
ইসলামী ঐক্যজোটের (আমিনি) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি বিডিনিউজকে জানান, অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। বৈঠকটি রোববার বিএনপি মহাসচিবের বাসায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পার্টি (বিজেপি--মঞ্জুর) সভা স্থগিত হওয়ার ব্যাপারে কিছু জানে না বলে জানা গেছে।
বিজেপির সহ--সভাপতি হুমায়ুন কবির হিরু বিডিনিউজকে জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অত্যন্ত স্পর্শকাতর ওই ইস্যুগুলো নিয়ে বিএনপি এখনই জোটের শরিক দলগুলোর সাথে আলোচনা করতে চাইছে না। প্রধানমন্ত্রী বিভিন্ন দল, শ্রেণী ও পেশার মানুষের সাথে মত বিনিময় করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ কারণেই জোটের মহাসচিবদের বৈঠক স্থগিত করা হয়।
