পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এনজিও কর্মীর লাশ উদ্ধার
পাবনার বেড়ায় চরমপন্থি ক্যাডাররা এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে। অপরদিকে সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকা থেকে পুলিশ এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন (৩০) দলীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি কাজীহাট ঘাটের কাছে পৌঁছলে সাত/আট জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মতিন ঘটনাস্থলেই প্রাণ হারান।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে বেড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চরমপন্থি ক্যাডাররা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহত বিএনপি নেতা বেড়া উপজেলার পশ্চিম কাছাদিয়া গ্রামের কেতু সরদারের ছেলে।
এদিকে অপর এক ঘটনায় সন্ত্রাসীরা এক এনজিও কর্মীকে হত্যা করে লাশ নগরবাড়ী--বগুড়া মহাসড়কের ভিটাপাড়া এলাকায় ফেলে রাখে।
পুলিশ শনিবার সকালে তার ক্ষত--বিক্ষত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত এনজিও কর্মী দিনাজপুরের ঘোরাঘাট থানার কুলানন্দ গ্রামের সোলেমানের ছেলে শামীম হোসেন (২৭)। সে টিএমএসএস নামে এনজিও’র সৈয়দপুর অঞ্চলে কর্মরত ছিল।
পুলিশ আরও জানায়, শুক্রবার রাতে শামীমকে সন্ত্রাসীরা খুন করে ওই স্থানে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
