শান্তিচুক্তি বাস্তবায়িত হতেই হবে, অন্যথায় অনিবার্য আন্দোলন: সন্তু লারমা (সমন্বিত)
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আজ হোক, কাল হোক রক্তের বিনিময়ে অর্জিত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়িত হতেই হবে। অন্যথায় পাহাড়ের আন্দোলন তার অনিবার্য বাস্তবতার দিকে যাবে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ ডব্লিউভিএ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। শান্তিচুক্তির আষ্টম বর্ষপূতি উপলক্ষে আদিবাসী ফোরাম ও আদিবাসী অধিকার আন্দোলন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও আলোচনাসভা হয়। তিন পার্বত্য জেলায় বাঙালি সেটেলার সংগঠন সম -- অধিকার আন্দোলন ‘কালো চুক্তি বাতিলের দাবিতে’ পাল্টা সমাবেশ করে।
ঢাকার আলোচনা সভায় সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পাহাড়ে সেনা শাসন, সেনা নির্যাতন চলছে। সেনা শাসন আজ শান্তিচুক্তি বাস্তবায়নে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার চুক্তি করেও তা বাস্তবায়ন না করে বিশ্বাস ঘাতকতা করেছে। তারা ভেবেছে, শান্তি বাহিনী অস্ত্র জমা দিয়েছে, পাহাড়িদের আন্দোলন বোধহয় শেষ হয়ে গেছে। তাই চুক্তি বাস্তবায়ন না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু চুক্তি বাস্তবায়ন না করলে পাহাড়ের আন্দোলন ইচ্ছা নিরপেক্ষভাবে তার যৌক্তিক পরিনতির দিকেই যাবে।
অন্যদিকে জোট সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এ সরকার চুক্তি বাস্তবায়ন তো করেই নি, উপরন্তু তারা চুক্তি বিরোধী কাজ করেই চলেছে। পাহাড়ে এখনো অস্থায়ী সেনা ছাউনি প্রত্যাহার করা হয়নি। ‘অপারেশন উত্তরণ’র নামে সেখানে চলছে সেনা শাসন, সেনা নিপীড়ন।
সন্তু লারমা বলেন, চুক্তির আট বছরেও সেখানে কার্যকর করা হয়নি ভূমি কমিশন। আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়নি। চুক্তি অনুযায়ী পরিষদগুলোর নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না।
তিনি শান্তিচুক্তি বাস্তবায়নে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল এবং সাংবাদিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, পার্বত্য সমস্যা সমাধানেই চুক্তির বাস্তবায়ন করা প্রয়োজন। এ জন্য সরকার ও বিরোধী দলের রাজনৈতিক সংলাপ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পার্বত্য সমস্যাকে জিইয়ে রেখে কোন স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে, তা চিহিৃত করা দরকার। এটি করা প্রয়োজন সমস্যা সমাধানের স্বার্থেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, চুক্তি বাস্তবায়নের জন্য পাহাড়ের আন্দোলনকে মূল ধারার আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। সরকারের ওপর চাপ সৃষ্টি না করলে চুক্তি কোনোদিনই বাস্তবায়িত হবে না।
চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর বলেন, পার্বত্য সমস্যাকে আরো জটিল করার জন্য সেখানে বাঙালি পুনর্বাসন করা হচ্ছে। এ বিষয়টিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, রোবায়েত ফেরদৌস, কর্মজীবী নারী’র শিরিন আক্তার প্রমুখ।
বিডিনিউজের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর মুসলিম হলে আয়োজিত ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করুন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়াতে ইসলামী জঙ্গি গোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি গড়ে তুলতে পেরেছে।
সরকারের পৃষ্ঠপোষকতায় ও সেনা শাসনের সুযোগে তিন পার্বত্য জেলায় উগ্র সাম্প্রদায়িকতা বিস্তারের পাশপাশি জঙ্গিদের ঘাঁটি গড়ে তোলার সুয়োগ করে দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।
তিনি বলেন, শান্তিচুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে। কিন্তু এই সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন করতে গড়িমসি করছে।
সমীরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমরেড শাহ আলম, সুধাসিন্ধু খীসা, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, সাংবাদিক ও কবি ওমর কায়সার প্রমুখ।
বিডিনিউজের রাঙ্গামাটি প্রতিনিধি জানান, শান্তিচুক্তির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে চুক্তির পক্ষ -- বিপক্ষে সমাবেশ হয়েছে।
শুক্রবার সকাল জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তির অষ্টম বর্ষপূর্তি উদযাপন কমিটির সমাবেশ। এতে বক্তারা রক্তের বিনিময়ে হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, জোট সরকার চুক্তি বাস্তবায়ন তো করেইনি, বরং চুক্তিকে লঙ্ঘন করেছে। এখন চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপরন্তু বর্তমান চার দলীয় জোট সরকার চুক্তিকে নানাভাবে ভূলুণ্ঠিত করে চলেছে।
উপজাতীয় সামাজিক ফোরামের সাধারণ সম্পাদক সুকুমার দেওয়ানের সভাপতিত্বে জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা উষাতন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসাইন কবির, বিশিষ্ট আদিবাসী লেখক নির্মলেন্দু ত্রিপুরা, জনসংহতি সমিতির মৃগাংগ খীসা, পাহাড়ি ছাত্র পরিষদের উজ্জল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী সুপ্রভা চাকমা।
অপরদিকে, শুক্রবার বিকালে রাঙ্গামাটি পৌর সভা চত্বরে চুক্তিবিরোধী বাঙালি সেটেলার সংগঠন সম -- অধিকার আন্েদালনও পাল্টা সমাবেশ করেছে। এতে শান্তিচুক্তিকে ‘কালো চুক্তি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানানো হয়।
আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মশিউল আলম হুমায়ন, পেয়ার আহম্মেদ, শহীদ চৌধুরী শহীদ প্রমুখ নেতারা।
এছাড়া জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ দীপংকর তালুকদার। বক্তব্য রাখেন রুহুল আমীন, সেলিম চৌধুরী, মোঃ সোলেয়মান, নিখিল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিনিউজের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ব্যাপক সেনা ও পুলিশী নিরাপত্তায় শুক্রবার খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠনের পক্ষ-বিপক্ষ কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চুক্তির অষ্টম বর্ষপূর্তি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএম) চুক্তি যথাযথ বাস্তবায়নের এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জাতীয় বেঈমান প্রতিরোধ দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়ে সম অধিকার আন্দোলন খাগড়াছড়িতে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারনের কর্মসূচি চালায়। তারা কালো চুক্তি বাতিল ও সকল ক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠার দাবি জানায়।
শহরে ভোর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বিল্ডিংয়ের ছাদে সেনা নিরাপত্তা জোরদার করা হয়। জেলার সকল উপজাতীয় ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রাখে।
জনসংহতি সমিতি সকালে জেলার এসএন লারমা স্কোয়ারে পার্বত্য চুক্তি বাস্তাবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস জেলা সম্পাদক রসময় চাকমা।
এ সময়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রশাসন ও আইন প্রয়োগকারি সংস্থা তাদের ঘোষিত কর্মসূচিতে বাধা প্রদান করে।
নেতৃবৃন্দ আরও বলেন, চুক্তি বাতিলের দাবিতে আজ কেন কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পার্বত্য চুক্তি জনগণের অধিকার। রক্ত দিয়ে হলেও এই চুক্তির বাস্তবায়ন করা হবে।
বিডিনিউজের বান্দরবান প্রতিনিধি জানান, শান্তিচুক্তির অষ্টম বর্ষপুর্তিতে ছয়টি সেনানিবাস ছাড়া সকল সেনা ক্যাম্প ও পার্বত্যঞ্চল থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
শান্তিচুক্তির অষ্টম বর্ষপুর্তি উপলক্ষে বান্দরবানে আয়োজিত এক অনুষ্ঠানে জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর চাকমা বলেন, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। চুক্তির শর্ত অনুযায়ী যেসব স্থানে সেনাবাহিনী থাকার কথা সেখানে থাকলে কারো কোন আপত্তি নেই। কিন্তু সরকার মুখে সেনা প্রত্যাহারের কথা বললেও বাস্তবে ৫৪৩ টি সেনাক্যাম্পের মধ্যে গত ৮ বছরে মাত্র ৩১ টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।
বান্দরবান পুরতান রাজবাড়ি মাঠে জেলা জনসংহতি সমিতি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জনসংহতি সমিতি নেতা কে এস মং মারমা, জলিমং মারমা, উছোমং মারমা প্রমুখ।
এদিকে বর্ষপুর্তি উদযাপনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় শহরে বিপুল সংখ্যক পুলিশ এবং গোয়েন্দা মোতায়েন করা হয়।
