রাঙ্গামাটিতে চুক্তির পক্ষে -- বিপক্ষে সমাবেশ: রক্ত দিয়ে চুক্তি বাস্তবায়নের আহ্বান
পার্বত্য শান্তিচুক্তির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে চুক্তির পক্ষ - বিপক্ষে সমাবেশ হয়েছে।
শুক্রবার সকাল জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তির অষ্টম বর্ষপূর্তি উদযাপন কমিটির সমাবেশ। এতে বক্তারা রক্তের বিনিময়ে হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, জোট সরকার চুক্তি বাস্তবায়ন তো করেইনি, বরং চুক্তিকে লঙ্ঘন করেছে। এখন চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। উপরন্তু বর্তমান চার দলীয় জোট সরকার চুক্তিকে নানাভাবে ভূলুণ্ঠিত করে চলেছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি -- বাঙালী স্থায়ী অধিবাসীদের ওপর সকল প্রকারের জুলুম -- নিপীড়নসহ সেনা সন্ত্রাস অব্যাহত রয়েছে। বহিরাগত সেটেলার বাঙালিদের দ্বারা জুম্মদের ভূমি বেদখল, সাম্প্রদায়িক উন্মাদনা ও হামলা, সন্ত্রাস, চাাঁদাবাজি, হত্যা এবং ইসলামী জঙ্গি তৎপরতা ও তাদের অস্তানা সম্প্রসারণ -- ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। পার্বত্যাঞ্চলে আইন -- শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
উপজাতীয় সামাজিক ফোরামের সাধারণ সম্পাদক সুকুমার দেওয়ানের সভাপতিত্বে জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা উষাতন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসাইন কবির, বিশিষ্ট আদিবাসী লেখক নির্মলেন্দু ত্রিপুরা, জনসংহতি সমিতির মৃগাংগ খীসা, পাহাড়ি ছাত্র পরিষদের উজ্জল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী সুপ্রভা চাকমা।
অপরদিকে, শুক্রবার বিকালে রাঙ্গামাটি পৌর সভা চত্বরে চুক্তিবিরোধী বাঙালি সেটেলার সংগঠন সম -- অধিকার আন্েদালনও পাল্টা সমাবেশ করেছে। এতে শান্তিচুক্তিকে ‘কালো চুক্তি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানানো হয়।
আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মশিউল আলম হুমায়ন, পেয়ার আহম্মেদ, শহীদ চৌধুরী শহীদ প্রমুখ নেতারা।
এছাড়া জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ দীপংকর তালুকদার। বক্তব্য রাখেন রুহুল আমীন, সেলিম চৌধুরী, মোঃ সোলেয়মান, নিখিল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
