ফেনীতে ট্রেনচালককে বিডিআরের মারধর, ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
বিডিআর সদস্য কর্তৃক ফেনীতে একজন ট্রেনচালককে মারধরের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় দু’ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এসময় ফেনী স্টেশনের দু’পাশে পাঁচটি ট্রেন আটকা পড়লে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি ফেনী স্টেশনে থামার সময় সেখানে কর্তব্যরত একজন বিডিআর সদস্যের গায়ে ধাক্কা লাগে। ট্রেন থামার পর বিডিআর সদস্যরা এর চালক সামছুল আলমকে হর্ন না বাজানোর জন্যে দোষারোপ করে গালাগালি করে।
এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ট্রেনের ধাক্কা লাগা বিডিআর সদস্য ওবায়দুল্লাহসহ অপর সদস্যরা ট্রেন চালক সামছুলকে প্রহার করে। পরে রেলের কর্মীরা এসে চালক সামছুলকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দাঁড়িয়ে থাকা গোধুলীর দু’পাশে পাঁচটি ট্রেন দু’ঘন্টা ধরে আটকে থাকে। এতে প্রায় ২০ হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে সদর উপজেলার ৩১ রাইফেল ব্যাটেলিয়নের দপ্তর থেকে উপ--অধিনায়ক মেজর রফিক ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে তদন্ত করে দোষী সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি ট্রেন চালুর অনুরোধ জানালে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
