স্বরূপকাঠীতে বোমাসহ ২জন গ্রেপ্তার
পিরোজপুরের স্বরূপকাঠীতে বৃহস্পতিবার পুলিশ একটি বোমাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ছটিয়াকারী ইউনিয়নের নোহারহাট লঞ্চঘাট থেকে বিকেল সাড়ে ৪টায় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বোমাটির ওজন আড়াইশ’ গ্রাম। গ্রেপ্তারকৃত দু’জনের নাম মাহফুজুর রহমান (২৭) এবং মফিজুল ইসলাম (৫০)। তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। পুলিশ তাদের দেহ তল্লাশি করে নরওয়ে--বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, জীবন বীমা কর্পোরেশন এবং খলিশপুর থান মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি’র নামে তিনটি পরিচয়পত্র উদ্ধার করে।
স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শেখ বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত ১০ ইঞ্চি লম্বা বস্তুটি টেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশ বোমাটি নিস্ক্রিয় করার প্রক্রিয়া চালাচ্ছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে।
