বোমা হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষুব্ধ জনতার রেল লাইনে ব্যারিকেড, এক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় বিক্ষুদ্ধ জনতা রেললাইনে ব্যারিকেড দিলে বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ এক ঘন্টা বন্ধ থাকে।
স্থানীয় সূত্র জানান, বোমা বিস্ফোরণের কথা শোনার পরপর বিক্ষুদ্ধ জনতা রাস্তায় নেমে পড়ে এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে।
সকাল সোয়া ১১টার দিকে জনতা গাজীপুর রেললাইনে ব্যারিকেড দেয়। এসময় এক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
সূত্র জানান, এসময় বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এতে কমপক্ষে দশ জন আহত হয়।
মঙ্গলবার গাজীপুর আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামলার দু’দিন পর বৃহম্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে আবার বোমা হামলায় একজন নিহত এবং আইনজীবী ও সংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জেএমবি’র আত্মঘাতী হামলায় গাজীপুর জেলা শহর বৃহম্পতিবার আবার কেঁপে উঠে।
