গাজীপুরে বোমার আলামত সংগ্রহ
র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বৃহস্পতিবার গাজীপুরে বোমা হামলার পর ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
তারা বিস্ফোরণস্থল থেকে বোমায় ব্যবহৃত ৯৯টি লোহার তৈরি মাছ ধরা জালের গুটি, বিয়ারিং বল, পাঁচটি পেন্সিল ব্যাটারি, খণ্ড খণ্ড বৈদ্যুতিক তার এবং অন্যান্য উপকরণ আলামত হিসেবে সংগ্রহ করেন। এছাড়া ফরেনসিক পরীক্ষার জন্যে রক্তও সংগ্রহ করেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
র্যাবের বোমা নিষ্ক্রিয় ইউনিটের একজন সদস্য বিডিনিউজকে বলেন, বৃহস্পতিবারের বোমার সঙ্গে ২৯ নভেম্বর গাজীপুর আদালত ও ১৪ অক্টোবর ঝালকাঠিতে বিস্ফোরিত বোমার মিল রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোমা বিশেষজ্ঞ বলেন, হামলাকারী সুইচের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। বোমাটি খুবই শক্তিশালী ছিল। আমরা আলামত করেছি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যেই বোমাটির ধরন সম্পর্কে বলতে পারব।
