২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে তিন শতাধিক আহত

ক্রিকেট ম্যাচে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দুইটি ইউনিয়নের কয়েক হাজার লোকের মধ্যে বৃহস্পতিবার সকালে এক সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 01:59 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

গত তিনদিনে এ নিয়ে সেখানে তিন শতাধিক লোক আহত হল।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল দশটায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইল ডিগ্রি কলেজ মাঠে একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সরাইল সদর ইউনিয়ন ও কলিকাছা ইউনিয়নের ১০/১২টি গ্রামের লোকজনের মধ্যে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েক ঘন্টা ধরে তা চলে।

ওই একই বিষয়কে কেন্দ্র করে বুধবার গ্রামবাসীদের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে। এ সময় তিনঘন্টা ধরে সংঘর্ষ চলে।

বৃহস্পতিবারের সংঘর্ষে অংশগ্রহণের জন্য দুই ইউনিয়নের অন্তর্ভূক্ত গ্রামগুলোর লোকজনকে স্ব স্ব ইউনিয়নের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবারের সংঘর্ষকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। এ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়।

এদিকে সূত্র দাবি করেছে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে দশটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিক বেশ কিছু পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে গেছেন।

তিনদিনের ধারাবাহিক সংঘর্ষে তিন শতাধিক লোক আহত হয়েছে।