২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জেএমবি’র আরও ২ এহসার সদস্য গ্রেপ্তার

র‌্যাব সদস্যরা শনিবার ভোররাতে খুলনা নগরীর খালিশপুর ও দৌলতপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র আরও দুই এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 01:26 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-- মতিউর রহমান ওরফে মাসুদ (২০) ও আব্দুর রকিব ওরফে নুরউদ্দিন (২২)। এ নিয়ে খুলনায় চারজন এহসার সদস্য গ্রেপ্তার হলো।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর নতুন রাস্তা এলাকা থেকে এহসার সদস্য মাসুদকে গ্রেপ্তার করে।

সে র‌্যাবের কাছে ১৭ আগস্ট যশোর বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করে।

মাসুদ মেহেরপুর জেলার গাংনী থানার জারাডাংগা গ্রামের বানাত আলীর পুত্র।

দৌলতপুর রেল ক্রসিং এলাকা থেকে র‌্যাব সদস্যরা জেএমবি’র এহসার অপর সদস্য নুরউদ্দিনকে গ্রেপ্তার করেছে। সে যশোরের জেএমবি’র আঞ্চলিক নেতা মিন্টুর সহযোগী।

নুরউদ্দিন ১৭ আগস্ট যশোর জেলার সদর থানার ডাকঘরের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

নুর উদ্দিন রাজশাহীর মোহনপুর থানার মৌ পাড়ার মোহাম্মদ ইসহাক আলীর পুত্র।

এদিকে শনিবার ভোররাতে র‌্যাবের একটি বিশেষ দল রূপসা উপজেলার রাজাপুর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেপ্তারকৃত মোহাম্মদ শামসুল আলম ওরফে ব্লাকার শামসুর বাড়িতে অভিযান চালিয়ে  একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।